র্যাব এখন জীবন রক্ষা নয়, হরণ করছে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, র্যাব এখন জীবন রক্ষা না করে জীবন হরণ করছে৷ র্যাব বিলুপ্তির দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপি র্যাব তৈরি করেছিল সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের জন্য৷ আর এখন তাদের ব্যবহার করা হচ্ছে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের গুম করার কাজে৷
গতকাল সোমবার বিকেলে খুলনার শহীদ মহারাজ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন৷ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচির প্রথম দিন গতকাল এ সমাবেশের আয়োজন করে খুলনা মহানগর ও জেলা বিএনপি৷
নারায়ণগঞ্জ ও ফেনীর ঘটনা উল্লেখ করে আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এত দিন বিএনপির নেতা-কর্মীদের মেরেছে, এখন নিজেরাই নিজেদের মারছে৷ নারায়ণগঞ্জে আওয়ামী লীগের এক নেতা ছয় কোটি টাকা দিয়ে র্যাবকে ভাড়া করে দলের অন্য নেতাকে মারার জন্য৷
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি এবং নজরুল ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক আবদুল হাই শিকদার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম প্রমুখ৷