র্যাব ও কোস্টগার্ডের অভিযানে সুন্দরবনে দুজন নিহত
সুন্দরবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও কোস্টগার্ডের অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। র্যাব ও কোস্টগার্ডের ভাষ্যমতে, নিহতরা বনদস্যু রাজু বাহিনীর সদস্য। তাঁদের নাম মাসুদ ও মান্নান। গতকাল শনিবার সকালে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের কালাবগি স্টেশনের নিশানখালী এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্রসহ প্রায় দুই হাজার গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানায়।গতকাল সন্ধ্যায় র্যাব-৮-এর লেফটেন্যান্ট সরফরাজের দেওয়া বক্তব্যমতে, র্যাব ও কোস্টগার্ডের একটি যৌথ দল শনিবার ভোররাতে সুন্দরবনের নিশানখালী এলাকায় বনদস্যু রাজু বাহিনীর আস্তানায় অভিযান চালানোর প্রস্তুতি নেয়। সকাল সাতটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছালে রাজু বাহিনীর সদস্যরা র্যাব ও কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছোড়ে। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। এ সময় প্রায় এক ঘণ্টা ধরে উভয় পক্ষে বন্দুকযুদ্ধ চলে। একপর্যায়ে দস্যুরা পিছু হটে। পরে বনে তল্লাশি চালিয়ে দুজনের গুলিবিদ্ধ দেহ এবং আগ্নেয়াস্ত্র, গুলি ও দস্যুদের অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়।উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি একনলা বিদেশি বন্দুক, একটি কাটারাইফেল, দশমিক ২২ বোরের দুটি রাইফেল, ছয়টি সিঙ্গেল শ্যুটারগান, অন্তত দুই হাজার বিভিন্ন ধরনের গুলি, একটি বাইনোকুলার, ১৫টি মুঠোফোন এবং একটি ওয়্যারলেস সেট। তবে র্যাব ও কোস্টগার্ড নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আহম্মেদ বনের নিশানখালীতে বন্দুকযুদ্ধে দুজন নিহত ও গোলাবারুদ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন।বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) খন্দকার রফিকুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে কোস্টগার্ডের পক্ষ থেকে পুলিশের কাছে সহায়তা চেয়ে বার্তা পাঠানোর পর মংলা থেকে পুলিশের একটি দল নিশানখালীর উদ্দেশে রওনা হয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে আর কোনো তথ্য বাগেরহাট জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষে আসেনি।