র‌্যাব ও ডিবি পরিচয়ে ৭ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে জোর করে সাত লাখ ৩৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর পক্ষে তাঁর ভাই থানায় লিখিত অভিযোগ করেছেন।গতকাল বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাশেম টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম হারিছ মিজি (৪৫)। তিনি রড ও সিমেন্টের ব্যবসা করেন। তাঁর বাড়ি সদর উপজেলার ইটাহাটা গ্রামে।ব্যবসায়ীর পরিবার ও এলাকাবাসীর ভাষ্যমতে, গতকাল সকাল সাড়ে ১০টায় চান্দনা চৌরাস্তাসংলগ্ন দুটি ব্যাংক থেকে মোট সাত লাখ ৩৮ হাজার টাকা তোলেন হারিছ। এরপর রিকশাযোগে বাড়ি ফেরার পথে স্থানীয় কাশেম টেক্সটাইল মিলের সামনে পৌঁছালে একটি মাইক্রোবাস রিকশাটির গতিরোধ করে। এ সময় কয়েকজন যুবক মাইক্রোবাস থেকে নেমে নিজেদের র‌্যাব ও গোয়েন্দা পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেয়। ওই যুবকেরা মামলা আছে বলে হাতকড়া পরিয়ে হারিছকে মাইক্রোবাসে তুলে দ্রুত এলাকা ত্যাগ করে।ব্যবসায়ীর পরিবারের দেওয়া তথ্যমতে, গাড়ির ভেতরে হারিছকে মারধর করে তাঁর কাছে থাকা সাত লাখ ৩৮ হাজার টাকা ছিনিয়ে নেয় যুবকেরা। এরপর সদর উপজেলার মীরের বাজার এলাকায় তাঁকে মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। এ সময় হারিছের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে ওই ব্যবসায়ী বিকেলে বাড়ি ফিরে যান।জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মিরান হোসেন বলেন, এ ঘটনায় ব্যবসায়ীর ভাই দেলোয়ার হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।