র্যাব ও পুলিশের তিনটি গাড়ি আটক করল ট্রাফিক পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে র‌্যাব ও পুলিশের কর্মকর্তাদের তিনটি গাড়ি আটক করেছেন ট্রাফিক পুলিশের (দক্ষিণ) উপকমিশনার (ডিসি) খান মোহাম্মদ রেজোয়ান। গতকাল শনিবার বিকেলে ট্রাফিক পরিস্থিতি দেখতে নেমে তিনি ওই তিনটি গাড়ি আটক করেন। তবে বিকেল পাঁচটা থেকে ওই গাড়িগুলো ইফতারের আগ পর্যন্ত আটকে রাখা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। জানতে চাইলে খান মোহাম্মদ রেজোয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাফিক আইন অমান্য করায় এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে। সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে শাহবাগে রূপসী বাংলা হোটেলসংলগ্ন ভিআইপি রোডের উল্টো দিকে পৃথক সময়ে র‌্যাবের সদর দপ্তরের একটি গাড়ি ও পুলিশের দুই কর্মকর্তার দুটি গাড়ি আসে। ট্রাফিক আইন ভঙ্গ করে উল্টো দিকে আসায় ওই তিনটি গাড়িকে আটক করা হয়। ইফতারের আগ পর্যন্ত গাড়িগুলো আটকে রাখা হয়। আটকের সময় পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা গাড়িতে ছিলেন। ডিসি রেজোয়ান বলেন, পুলিশের মহাপরিদর্শকের নির্দেশেই ট্রাফিক আইন অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।