র‌্যাব কর্মকর্তাকে অপসারণের দাবি বগুড়া যুবলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মতিনকে (৪০) সাজানো ঘটনায় আটকের পর র‌্যাব তাঁর ওপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ তুলেছে জেলা যুবলীগ। এ কারণে সংগঠনটির পক্ষ থেকে র‌্যাবের বগুড়া ক্যাম্পের অধিনায়ক সুমিত চৌধুরীর অপসারণ ও বিচারের দাবি করা হয়েছে। এ দাবিতে সংগঠনের নেতা-কর্মীরা গতকাল শনিবার বগুড়া শহরে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় দাবি করেন, আবদুল মতিন নির্দোষ। তিনি র‌্যাবের বগুড়ার অধিনায়কের জিঘাংসার শিকার। যুবলীগ করার অপরাধে তাঁকে বাসা থেকে তুলে নিয়ে ফাঁসানো হয়েছে। আলমারি ভেঙে ব্যবসার টাকা নিয়ে জুয়ার নাটক সাজানো হয়েছে। গ্রেপ্তারের পর বৃদ্ধ মা ও স্ত্রীর সামনেই র‌্যাব তাঁর ওপর নির্যাতন চালিয়েছে।র‌্যাবের কর্মকর্তা সুমিত চৌধুরী বলেন, ‘যুবলীগ যাঁকে নির্দোষ দাবি করছে, সেই আবদুল মতিন শহরের একজন শীর্ষ সন্ত্রাসী। র‌্যাবের রেকর্ড অনুযায়ী, মতিনের বিরুদ্ধে সদর থানায় ছয়টি মামলা রয়েছে। একটি মামলায় তাঁর ২৭ বছরের কারাদণ্ড হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই শুক্রবার রাতে বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম লেনের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়েছিল র‌্যাব। এ সময় তাঁর আস্তানা থেকে বেশ কিছু মাদকদ্রব্য, কয়েকটি দেশের মুদ্রা, জুয়া খেলার সরঞ্জাম, ধারালো অস্ত্র ও ১০ লক্ষাধিক নগদ টাকা উদ্ধার করা হয়।’