র্যাবের নির্যাতনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহনূর আলমের মৃত্যু হয়েছে—এমন অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (নবীনগর) আদালতে গতকাল রোববার এ মামলা হয়৷ এতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর এ জেড এম শাকিব সিদ্দিকসহ ১১ জনকে আসামি করা হয়েছে৷
এ মামলার অন্য আসামিরা হলেন র্যাব-১৪-এর এসআই এনামুল হক, নবীনগরের কৃষ্ণনগর গ্রামের নজরুল ইসলাম ও উপজেলা সদরের আবু তাহের এবং র্যাবের অজ্ঞাতনামা আরও সাতজন সদস্য৷ জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুন নাহার মামলাটি গ্রহণ করে ৪ জুন অধিকতর শুনানি ও তদন্তের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন৷
এজাহারে অভিযোগ করা হয়, গত ২৯ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব ১৪) ভৈরব ক্যাম্পের একটি দল উপজেলার বগডহর গ্রাম থেকে শাহনূরকে (৪৩) চোখ ও মুখ বেঁধে ক্যাম্পে নিয়ে যায়৷ সেখানে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পের অধিনায়ক মেজর এ জেড এম শাকিব সিদ্দিক শাহনূরকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করেন৷ নির্যাতনের একপর্যায়ে শাহনূর জ্ঞান হারান৷ পরদিন সকালে জ্ঞান ফিরলে তঁাকে নবীনগর থানায় আনা হয়৷ আবু তাহেরকে থানায় ডেকে এনে শাহনূরের বিরুদ্ধে মামলা করায় র৵াব৷ পরে শাহনূরকে কারাগারে পাঠানো হয়৷ সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তঁাকে ৪ মে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়৷ তাঁর অবস্থার আরও অবনতি হলে ওই দিনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ সেখানে ৬ মে রাতে শাহনূরের মৃত্যু হয়৷
বাদীপক্ষের প্রধান আইনজীবী খায়রুল আলম প্রথম আলোকে বলেন, র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের অধিনায়ককে প্রধান আসামি করাসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করা হয়েছে৷
এ বিষয়ে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর শাকিবের মন্তব্য জানতে তাঁর মুঠোফোনে বেশ কয়েকবার রিং করলেও তিনি ফোন ধরেননি৷
কয়েক মাস ধরে নবীনগর উপজেলা সদরে ‘চিরকুট’ পাঠিয়ে একাধিক বাড়িতে চাঁদা দাবি ও বিভিন্ন বাড়িতে আগুন দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহনূরকে ২৯ এপ্রিল গ্রেপ্তার করে র্যাব৷ তাঁকে গ্রেপ্তার, ক্যাম্পে নিয়ে নির্যাতন ও হত্যা করা হয়েছে এই অভিযোগ এনে এর প্রতিবাদে শাহনূরকে পরিবারের পক্ষ থেকে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে৷
এ নিয়ে প্রথম আলোয় একাধিক প্রতিবেদন ছাপা হয়েছে। সর্বশেষ জাতীয় প্রেসক্লাবে শাহনূরের পরিবারের সদস্যদের আয়োজিত সংবাদ সম্মেলনের সচিত্র প্রতিবেদন গত ২১ মে প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ছাপা হয়।