র্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ ব্যাটালিয়ন ও শহরের পুরাতন কোর্টে অবস্থিত নারায়ণগঞ্জ ক্যাম্প অফিস পরিদর্শন করেছেন। এ সময় তদন্ত কমিটির সদস্যরা র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।


আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ ব্যাটালিয়নে যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটির সদস্যরা।

র‌্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক আনোয়ার লতিফ খান বলেন, ‘হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি আমাদের কার্যালয় পরিদর্শন করেছেন এবং পরে তাঁরা শহরের পুরাতন কোর্টে অবস্থিত র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্প অফিস পরিদর্শন করেন।’

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া লাশের সঙ্গে র‌্যাবের ব্যবহূত বস্তা, রশি ও ইটের বিষয়টি উঠে এসেছে গণমাধ্যমে। তদন্ত কমিটি সেই কারণে র‌্যাব কার্যালয় পরিদর্শন করেছেন। তদন্ত কমিটি র্যাবের রেশনের বস্তা ও রশি পরীক্ষা করে দেখে। ব্যাটালিয়ন ও ক্যাম্প অফিস পরিদর্শনকালে কমিটির সদস্যরা ২৭ এপ্রিল কতগুলো গাড়ি কার্যালয় থেকে বের হয়েছিল, কোন কোন সময় বের হয়েছিল, আবার কখন ভেতরে প্রবেশ করেছিল, সেসব বিষয়ে রেজিস্ট্রার পরীক্ষা করে দেখেন। ওই দিন দায়িত্বরত র‌্যাব কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। তবে তদন্ত কমিটি উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেনি।

গত ২৭ এপ্রিল দুপুরে সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর তাঁদের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইয়াছমিন বিউটি ২৮ এপ্রিল রাতে নূর হোসেনকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। আর ৭ মে ওই ঘটনায় নিহত আইনজীবী চন্দন সরকারের বড় মেয়ের স্বামী বিজয় কুমার পাল অজ্ঞাত আসামিদের নামে একই থানায় আরেকটি মামলা করেন।

১৭ মে ভোরে র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ ও মেজর আরিফকে ঢাকা সেনানিবাস থেকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের সাত খুনের ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এম এম রানা ১৮ মে ভোররাতে প্রথমে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হলেও পরে ওই দুই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।