র্যাব কর্মকর্তার অপসারণ দাবি পাঁচ মেয়র প্রার্থীর
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের উপ-অধিনায়ক ক্যাপ্টেন সিরাজুল ইসলাম ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচনে এক প্রার্থীর স্বার্থে কাজ করছেন, এ অভিযোগ এনে তাঁর অপসারণ দাবি করেছেন প্রতিদ্বন্দ্বিতাকারী বাকি পাঁচজন মেয়র পদপ্রার্থী। গতকাল রোববার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে চারজন মেয়র পদপ্রার্থী উপস্থিত ছিলেন। এঁরা হলেন মো. ইউনুছ শেখ, এ এফ এম সিদ্দিকুর আলম, মো. আলীমুজ্জামান মোল্যা ও এ কে এম আমিরুজ্জামান।লিখিত বক্তব্যে তাঁরা অভিযোগ করেন, ক্যাপ্টেন সিরাজুল ইসলাম নগরকান্দা পৌরসভা এলাকার মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছেন। হুমকি দিয়ে বলেছেন, আমার আসল রূপ নির্বাচনের দিন দেখতে পাবি। আমাদের সন্দেহ, তিনি বিশেষ কোনো প্রার্থীর স্বার্থে নিয়োজিত হয়েছেন। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ক্যাপ্টেন সিরাজকে নগরকান্দা থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন।এ এফ এম সিদ্দিকুর আলম সংবাদ সম্মেলনে বলেন, ‘র্যাবের ওই ক্যাপ্টেনকে নগরকান্দা থেকে সরিয়ে দেওয়া না হলে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হব।’সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ার সময় চারজন মেয়র পদপ্রার্থী উপস্থিত থাকলেও আরেক প্রার্থী আলিমুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন না। তবে লিখিত বক্তব্যে তাঁর স্বাক্ষর ছিল।নগরকান্দা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় প্রার্থীর মধ্যে বাকি একজন প্রার্থী হলেন বিএনপি-সমর্থিত এম এ জাহিদ।র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর সাব্বির প্রথম আলোকে বলেন, নগরকান্দায় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ও নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া বিধিমালা অনুসরণ করেই র্যাব কাজ করছে।