র‌্যাব কর্মকর্তার অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব-১২ বগুড়ার কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমিত চৌধুরীর অপসারণ ও বিচারের দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন। মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে তারা এ বিক্ষোভ করে। পরিবহনশ্রমিক সূত্র জানায়, শহরের চারমাথা এলাকার হোটেল সেঞ্চুরি মোটেলে ২৩ এপ্রিল র‌্যাব-১২ অভিযান চালায়। এ সময় ৭৬ ক্যান বিয়ার ও মদসহ হোটেলের ব্যবস্থাপক রুহুল আমিনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় সদর থানায় সাতজনকে আসামি করে মামলা করে র‌্যাব। মামলায় হোটেলের মালিক জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আবদুল হামিদকেও আসামি করা হয়। এ কারণে সুমিত চৌধুরীকে বগুড়া থেকে প্রত্যাহারসহ আবদুল হামিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবিতে গতকাল ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।সমাবেশে বক্তব্য দেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ মণ্ডল, সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ, আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান প্রমুখ।এএসপি সুমিত চৌধুরী বলেন, ‘নিয়মনীতি মেনেই অভিযান চালিয়ে মামলা করা হয়েছে। শ্রমিক ইউনিয়নের অভিযোগ ভিত্তিহীন। র‌্যাব-১২ বগুড়ায় আজ পর্যন্ত কোনো প্রতারণামূলক অভিযান ও মামলা করেনি।’