র্যাব কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ
বরিশালের র্যাব-৮-এর এক উপসহকারী পরিচালকের (ডিএডি) বিরুদ্ধে লাখ টাকা চাঁদা দাবি এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে ঢাকা আইনজীবী সমিতির সদস্য আবদুস সাত্তার সিকদার এই অভিযোগ করেন।আবদুস সাত্তার দাবি করেন, হাইকোর্টে আইনজীবীদের একটি পরীক্ষায় অংশ নিয়ে গত শুক্রবার তিনি গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামে আসেন। পরদিন সন্ধ্যায় তিনি বাজারে একটি দোকানে বসে ছিলেন। এ সময় ডিএডি মোবারক হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল তাঁকে ঘিরে ফেলে। তাঁকে বাজার থেকে একটু দূরে নিয়ে গিয়ে মোবারক অস্ত্র ঠেকিয়ে এক লাখ টাকা চাঁদা চান। নইলে গুলি করে মেরে কাউখালী নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন। এ সময় র্যাবের অন্য সদস্যরাও তাঁকে গালাগালি করেন।আবদুস সাত্তার বলেন, ‘আমি জীবন বাঁচাতে কাছে থাকা ২০ হাজার টাকা মোবারকের হাতে তুলে দিই। তিনি বাকি ৮০ হাজার টাকা দুই ঘণ্টার মধ্যে দিতে বলেন। বাকি টাকা না দিলে রাতে ঘরের মধ্যে অবৈধ জিনিস রেখে মামলায় জড়ানোর হুমকি দেন। এ কথা কাউকে জানালে গুলি করে মেরে ফেলার হুমকি দেন। বিষয়টি রাজাপুর থানার ওসিকে জানালে তিনি র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেন।’ডিএডি মোবারক হোসেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘সাত্তার সিকদার নৈকাঠি এলাকায় তাঁর প্রতিপক্ষ কিছু মানুষকে ভুয়া ওয়ারেন্ট দিয়ে হয়রানি করছেন, এমন অভিযোগ তদন্তে আমি ওই এলাকায় গিয়েছিলাম। অভিযোগের সত্যতা পেয়ে হয়রানি না করার জন্য তাঁকে অনুরোধ করেছি। তাঁর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি, বরং তিনিই খারাপ ব্যবহার করেছেন। টাকা চাওয়ার বিষয়টি অবান্তর।’