র্যাব কাউকে ক্রসফায়ারে দিচ্ছে না: শিল্পমন্ত্রী
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জনগণের জন্য কাজ করে যাচ্ছে। তাদের কোনো রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে না। র্যাব কাউকে ক্রসফায়ারে দিচ্ছে না। জঙ্গি-সন্ত্রাসী-চরমপন্থীরা নিজেরা বন্দুকযুদ্ধে নিহত হলেও র্যাবের ওপর দোষ চাপানো হয়। এটি ভিত্তিহীন অভিযোগ।
গতকাল বৃহস্পতিবার র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যাব সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, র্যাবকে পুলিশ বিভাগ থেকে আলাদা করে স্বতন্ত্র বাহিনীতে রূপান্তরের কোনো পরিকল্পনা সরকারের নেই।
র্যাবের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ মার্চ থেকে শুরু হয় তিন দিনের কর্মসূচি। এর দ্বিতীয় দিনে গতকাল র্যাব সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে আমির হোসেন প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মুসতাক আহমদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল জিয়াউল আহসান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আফতাব উদ্দিন আহমেদ, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান প্রমুখ।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা সম্পর্কে আমির হোসেন আমু বলেন, ‘র্যাব অনেক আন্তরিকতা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। আশা করছি শিগগিরই সবকিছু বের হয়ে আসবে।’
হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটিত হয়েছে। পলাতক দুই জঙ্গি শিগগির ধরা পড়বে বলে আশা করছি।’ তিনি বলেন, অপরাধীদের ব্যাপারে জনগণকে সচেতন হতে হবে। র্যাবকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান শেষে ২০১৩ সালে অস্ত্র-বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার, অপরাধী গ্রেপ্তার ও অপহূতদের উদ্ধারের সাফল্যের জন্য ১০ জন র্যাব কর্মকর্তা ও সদস্যকে পদক পরিয়ে দেন শিল্পমন্ত্রী।