র্যাব কার্যালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে আইনজীবী সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আইনজীবী চন্দন সরকার, সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও হত্যা মামলার আসামিদের আগামী শনিবারের মধ্যে গ্রেপ্তার এবং তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে রোববার র‌্যাব-১১ অফিস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।
গতকাল মঙ্গলবার সাত দিন পর আইনজীবীরা আদালতে যোগ দিলেও বিক্ষোভ সমাবেশ করেছেন। এ দিনও আদালতপাড়া ছিল প্রতিবাদ-মুখর। অন্যদিকে ময়নাতদন্তকারী চিকিৎসকের ধারণা, অপহরণের পর পরই ওই সাতজনকে হত্যা করা হয়েছে। পেশাদার, প্রশিক্ষিত লোক-জন ছাড়া এমন হত্যাকাণ্ড সম্ভব নয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ: গতকাল দুপুরে বিক্ষোভ সমাবেশ থেকে র‌্যাব কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ ছাড়া সাত দিন বর্জনের পর গতকাল সকালে আইনজীবীরা আদালতে যোগ দিলে আদালতে আবার স্বাভাবিক কাজ শুরু হয়। বেলা একটার দিকে আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আদালত চত্বর প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।
অস্ত্রের সন্ধানে পুলিশ: কাউন্সিলর নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণের পর হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন ও তাঁর সহযোগীদের লাইসেন্স বাতিল করা ১১টি আগ্নেয়াস্ত্রের সন্ধানে নেমেছে পুলিশ। গতকাল সিদ্ধিরগঞ্জের টেকপাড়া এলাকায় নূর হোসেনের বড় ভাই নুরুউদ্দিন ও তাঁর দেহরক্ষী জামালের বাড়িতে অভিযান চালিয়ে দুটি শটগান উদ্ধার করেছে পুলিশ। জমা পড়া অপর দুটি অস্ত্র (একটি রিভলবার ও একটি শটগান) জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টারের ছেলে ও নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী আরিফুল হাসানের। অস্ত্রগুলো সিদ্ধিরগঞ্জ থানায় লোক মারফত জমা দেওয়া হয়েছে।
অবৈধ স্থাপনা উচ্ছেদ: সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর তীর দখল করে নূর হোসেন, তাঁর ভাই নুরুজ্জামান জজ মিয়া ও তাঁর সহযোগীদের গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন। বিপুলসংখ্যক পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। বিকেল পর্যন্ত অভিযানকালে শতাধিক অবৈধ স্থাপনা বালু ও পাথরের টংঘর, দোকানপাট উচ্ছেদ করে। এ সময় কাঁচপুর ল্যান্ডিং স্টেশনের পাশে নদী ভরাট করা বালু সরিয়ে নদীর তিন একর জায়গা উদ্ধার করা হয়েছে। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন জানান, নূর হোসেনের নেতৃত্বে কাঁচপুরে শীতলক্ষ্যা দখল ও ভরাট করে অবৈধ বালু ও পাথরের ব্যবসা পরিচালিত হতো। এর আগে কয়েক দফা উচ্ছেদ অভিযান চালালেও তারা পুনরায় নদী দখল করে অবৈধ বালু ও পাথরের ব্যবসা করত। গত তিন দিনেই নদী ভরাট করা প্রায় তিন একর জমি থেকে বালু অপসারণ করা হয়েছে। এতে নদী তার স্বাভাবিক গতিপ্রবাহ ফিরে পাবে। ময়নাতদন্তকারী চিকিৎসকের ধারণা, সাতজনকে অপহরণের সঙ্গে সঙ্গেই হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তকারী বোর্ডের প্রধান নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আসাদুজ্জামান মিয়া মন্তব্য করেছেন। তিনি বলেন, সাতজনকে একইভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর তাঁদের কাছে মনে হয়েছে পেশাদার প্রশিক্ষিত লোক ছাড়া এমন হত্যাকাণ্ড সম্ভব নয়। তিনি জানান, ৩০ এপ্রিল রাত থেকে সকালের মধ্যে তাঁরা সাতটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেন। ময়নাতদন্তের সময় থেকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা আগে তাঁদের হত্যা করা হয়েছে। ২৭ এপ্রিল বিকেলে অপহরণ করা হয়েছে সাতজনকে। তাই ধারণা করা হচ্ছে, অপহরণের পরপরই তাঁদের শ্বাস রোধ করে হত্যা করা হয়। হত্যার আগে অজ্ঞান করার জন্য মাথায় আঘাত করা হয়। হয়তো রাতে লাশ ফেলে দেওয়া হয় নদীতে। এদিকে সাত খুনে জড়িত নূর হোসেনসহ অন্য আসামিরা দেশেই নাকি পালিয়ে গেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেলা পুলিশ সুপার ড. মহিদ উদ্দিন বলেছেন, আসামিরা দেশের বাইরে পালিয়ে গেছেন, এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই। ইমিগ্রেশনে অবহিত করা হয়েছে যাতে তাঁরা পালাতে না পারেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।