র্যাব কার্যালয়ে ববি হাজ্জাজকে জিজ্ঞাসাবাদ চলছে, দাবি পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে তাঁর পরিবার।

পরিবারের একটি সূত্র জানায়, আজ শনিবার বিকেল চারটায় র‌্যাব-১ এর কার্যালয় থেকে ববি হাজ্জাজকে দেখা করতে বলা হয়। এরপর তিনি বিকেল পাঁচটায় এরশাদের পক্ষ হয়ে সংবাদ সম্মেলন করেন। পরে আবারও তাঁকে র‌্যাব কার্যালয়ে ডেকে পাঠানো হয়। এখনো তাঁকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওই সূত্রটি দাবি করেছে।

এ বিষয়ে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াতের কাছে জানতে চাইলে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘ববি হাজ্জাজ র‌্যাব কার্যালয়ে আছেন কি না, খোঁজ নিয়ে জানাতে হবে।’

ববি হাজ্জাজ জাতীয় পার্টির রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইংয়ের প্রধান এবং এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এইচ এম এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়ার পর গতকাল শুক্রবার এক বিবৃতিতে ববি বলেছিলেন, এরশাদ তাঁকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। আজও মুখপাত্র হিসেবে সংবাদ সম্মেলনে এরশাদের নির্বাচনে অংশ না নেওয়া এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন তিনি।