র‌্যাব-কোস্টগার্ডের সঙ্গে ‘বনদস্যুদের বন্দুকযুদ্ধ’ অস্ত্র-গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দরজার খাল এলাকায় গতকাল রোববার ‘বনদস্যু জিহাদ বাহিনী’র সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও কোস্টগার্ড সদস্যদের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। বনদস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে নয়টি আগ্নেয়াস্ত্র ও ৩৩টি গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব। র‌্যাবের ভাষ্যমতে, বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই এলাকায় র‌্যাব-৮ ও কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যদের সঙ্গে জিহাদ বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’ হয়। উভয় পক্ষ সহস্রাধিক গুলি ছোড়ে। একপর্যায়ে বনদস্যুরা পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি বিদেশি ওয়ান শ্যুটারগান, আটটি এলজি এবং ৩৩টি বন্দুকের গুলিসহ প্রচুর পরিমাণ খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যুদের কোনো সদস্য নিহত বা আহত হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি র‌্যাব।র‌্যাব-৮ পটুয়াখালীর কোম্পানি কমান্ডার নূরুজ্জামানের ভাষ্যমতে, প্রায় এক ঘণ্টা উভয় পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ চলে।