র্যাব গ্রেপ্তার করার ১১ দিন পর কারাগারে যুবকের মৃত্যু
র্যাবের হাতে গ্রেপ্তারের ১১ দিনের মাথায় গত বুধবার মহিউদ্দিন আরিফ (৩০) নামে এক যুবক ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন। ২৪ জানুয়ারি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা আরিফকে গ্রেপ্তার করেন। আরিফ বসুন্ধরার বেসরকারি অ্যাপোলো হাসপাতালের অস্ত্রোপচার শাখার কর্মী (টেকনিশিয়ান) ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এতে আরিফের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়েছে। নিহতের পারিবারিক সূত্র জানায়, ২০ জানুয়ারি তিনজন লোক মিরপুর ৭ নম্বর সেকশনের ৫ নম্বর সড়কের ৯২৮ নম্বরের বাসিন্দা আবদুল মজিদের বাসায় এসে তাঁর ছেলে আরিফকে খোঁজ করেন। র্যাব সদস্যদের অনুরোধে আরিফের বাবা তাঁর ছেলেকে বাসায় ডেকে এনে র্যাবের হাতে তুলে দেন। এ সময় র্যাব সদস্যরা তাঁকে র্যাব-৪-এর কার্যালয়ে নিয়ে যান। ২৫ জানুয়ারি সন্ধ্যার পর পল্লবী থানায় একটি ডাকাতির মামলায় আসামি হিসেবে তাঁকে সোপর্দ করা হয়। পুলিশ তাঁকে ২৬ জানুয়ারি মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।কারাগার সূত্র জানায়, ৩১ জানুয়ারি আরিফ কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর কারাগারে নেওয়া হয়। গত বুধবার তাঁর শারীরিক অবস্থার ফের অবনতি ঘটলে ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে পাঠানো হয়। কর্তব্যরত চিকিত্সকেরা জানান, আরিফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। গতকাল দুপুরে কারা কর্তৃপক্ষ আরিফের স্বজনদের এ মৃত্যুর খবর জানায়। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মকবুল হোসেনের উপস্থিতিতে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) দবিরউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এতে বলা হয়, আরিফের দুই হাত ও কনুইয়ে কালো জখম, দুই পায়ের তালুতে ফোলা-জখমের চিহ্ন পাওয়া গেছে। পরে তাঁর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তের সঙ্গে সম্পৃক্ত সূত্র জানায়, আরিফের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এ ব্যাপারে ওসি ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, র্যাব-৪-এর সদস্যরা আরিফকে গ্রেপ্তার করে পল্লবী থানায় সোপর্দ করেন। আরিফ পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনি সম্প্রতি সংঘটিত পল্লবীর ইস্টার্ন হাউজিং ও মিরপুর ৬ নম্বরে ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন। এর আগে গ্রেপ্তার হওয়া দুই যুবক আরিফ ডাকাতিতে জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দেন।র্যাব-৪-এর পরিচালক লে. কর্নেল কবির হোসেন প্রথম আলোকে বলেন, আরিফের ওপর নির্যাতন করা হয়নি। তাঁকে অক্ষত অবস্থায় পুলিশে সোপর্দ করা হয়।