র্যাব গ্রেপ্তারের পর দুই যুবক ঢাকা মেডিকেলে
ছিনতাইয়ের অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া দুই যুবককে গতকাল শনিবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে লালবাগ থানার পুলিশ। ওই দুজনকে গ্রেপ্তার সম্পর্কে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর আজিমপুর এলাকা থেকে গত শুক্রবার রাতে দুই যুবককে দুটি ছুরিসহ গ্রেপ্তার করে র্যাব-১০-এর একটি দল। র্যাবের দাবি, ওই দুজন ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল।এদিকে গ্রেপ্তার হওয়া যুবকদের স্বজনেরা দাবি করেছে, এদের একজনকে ৫ এপ্রিল, আরেকজনকে ৬ এপ্রিল রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে র্যাব ধরে নিয়ে যায়। তারপর তাদের আটকে রেখে র্যাব নির্যাতনও চালায় বলে অভিযোগ করা হয়। নির্যাতনে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এরপর গতকাল সন্ধ্যায় এ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাউছার হোসেন রাজীব (২৪) ও নাহিদুল হক সজীব (২৫)। এঁরা সম্পর্কে খালাতো ভাই। রাজীবের বাসা ৮৫/এ হোসনি দালান সড়কে। এঁরা দুজনই এই এলাকার স্থানীয়।র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শুক্রবার রাত দেড়টার দিকে র্যাব-১০-এর একটি ছিনতাই প্রতিরোধ দল ছদ্মবেশে ইডেন কলেজের সামনের এলাকায় কর্তব্য পালন করছিল। এ সময় তিন-চারজন সন্দেহভাজন ছিনতাইকারী তাদের গতি রোধ করে ছোরা বের করলে র্যাব-১০-এর অপর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা দুজনকে ধরে ফেলেন। তাঁদের কাছ থেকে একটি স্টিল ও একটি লোহার ছোরা উদ্ধার করা হয়।এই দুজনের বিরুদ্ধে লালবাগ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে। এ বিষয়ে লালবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক বশীর আহমেদ জানান, তাঁদের বিরুদ্ধে গভীর রাতে ছিনতাই চেষ্টার অভিযোগে র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) আবু বকর ছিদ্দিক একটি মামলা করেছেন। গতকাল দুপুরে র্যাব তাঁদের থানায় সোপর্দ করে। এ সময় তাঁরা অসুস্থ ছিলেন। তাঁদের কী হয়েছে, সে সম্পর্কে জানতে চাইলে থানা থেকে কিছু জানানো হয়নি।তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছিলেন লালবাগ থানার উপপরিদর্শক পরিতোষ চন্দ্র। তিনি জানান, গতকাল বেলা পৌনে তিনটার দিকে র্যাব-১০-এর সদস্যরা রাজীব ও সজীবকে থানায় সোপর্দ করেন। পরে তাঁরা বমি করতে থাকলে সন্ধ্যা সাতটার দিকে তাঁদের হাসপাতালে নেওয়া হয়।