র্যাব টহল দেবে না, তল্লাশি করবে না
র্যাব এখন থেকে নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি, ট্রাফিক নিয়ন্ত্রণসহ আরও কিছু কর্মকাণ্ডে অংশ নেবে না৷ এখন থেকে তারা আর নিয়মিত টহলও দেবে না৷
র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান গতকাল সোমবার রাতে প্রথম আলোকে এ কথা জানান৷ মহাপরিচালক বলেন, দরপত্র বাক্স পাহারা, জমিজমা ও টাকা লেনদেন-সংক্রান্ত সমস্যা এবং পারিবারিক বিরোধ নিয়েও এখন থেকে কোনো ধরনের কর্মকাণ্ডে অংশ নেবে না র্যাব। ইতিমধ্যে র্যাবের প্রত্যেক ব্যাটালিয়নকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
র্যাবের মহাপরিচালক বলেন, র্যাব নির্ধারিত সাত মৌলিক কাজের বাইরে বা অন্য কোনো ধরনের বাড়তি কর্মকাণ্ডে অংশ নেবে না। তবে তাদের প্রশিক্ষণের বিষয়টি গুরুত্ব পাবে। র্যাবের এ সাত দায়িত্বের মধ্যে আছে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, সশস্ত্র জঙ্গি ও সন্ত্রাসীদের আটক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বিস্ফোরক দ্রব্যসহ সব ধরনের অবৈধ দ্রব্য উদ্ধার, অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সরকারি নির্দেশে যেকোনো অপরাধের তদন্ত করা এবং সরকারের নির্দেশ অনুযায়ী যেকোনো ধরনের দায়িত্ব পালন করা।
র্যাব মহাপরিচালক বলেন, মৌলিক সাত কাজের বাইরেও র্যাব সদস্যরা বাড়তি কিছু দায়িত্ব পালন করতেন। এতে মৌলিককাজে গতি কমে আসছিল। এসব বিবেচনা করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে র্যাব সাতটি দায়িত্ব পালন করবে বলেই ঠিক হয়েছিল।
কিছুদিন ধরেই র্যাবের বিরুদ্ধে গুম-অপহরণসহ নানা ধরনের অভিযোগ আসছিল৷ সর্বশেষ নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনায় র্যাবের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়৷ এ নিয়ে র্যাবের মূল কাজের বাইরে অন্যান্য কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হয়৷ এর মধ্যেই গতকাল র্যাবের পক্ষ থেকে সাতটি মৌলিক কাজের বাইরে বাড়তি কাজে অংশ নেবে না বলে জানিয়ে দেওয়া হয়৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ নিয়ে একাধিক বৈঠকও হয়েছে৷