র্যাব থাকলে আতঙ্ক থাকবে: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে অপহরণের পর খুন হওয়া নজরুল ইসলামের বাসায় স্বজনদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সাহাদাত পারভেজ
নারায়ণগঞ্জে অপহরণের পর খুন হওয়া নজরুল ইসলামের বাসায় স্বজনদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সাহাদাত পারভেজ

নারায়ণগঞ্জে নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে আবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিলুপ্তি চেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজিমিজি এলাকায় অপহরণ ও পরে খুন হওয়া প্যানেল মেয়র নজরুল ইসলামের বাসায় যান খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘এই বাহিনী এখন জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। এদের আর প্রয়োজন নেই। র‌্যাব যত দিন থাকবে, তত দিন আতঙ্ক থাকবে। শান্তি থাকবে না।’

২) আইনজীবী চন্দন সরকারের বাসায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সাহাদাত পারভেজ
২) আইনজীবী চন্দন সরকারের বাসায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সাহাদাত পারভেজ

এ সময় সেখানে নিহত তাজুল, লিটন, স্বপন ও জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। খালেদা জিয়া নিহত ব্যক্তিদের স্বজনদের সান্ত্বনা দেন। পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খুন, গুমের ঘটনার উল্লেখ করে সরকারের উদ্দেশে বলেন, ‘অবিলম্বে পদত্যাগ করুন। না হলে মানুষ রাস্তায় নেমে আসবে। তারাই আপনাদের পতন ঘটাবে।’

নিহত নজরুল ইসলামের বাসা থেকে খালেদা জিয়া আইনজীবী চন্দন সরকারের বাসায় যান। সেখানে চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিমের পরিবার রয়েছেন।

বেলা সোয়া ১১টার দিকে খালেদা জিয়া নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হন। বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলের স্থানীয় নেতা-কর্মীরা রয়েছেন।

এর আগে গতকাল সোমবার গণভবনে নারায়ণগঞ্জে অপহরণ হওয়ার পর খুন হওয়া ব্যক্তিদের স্বজনেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

টিভি চ্যানেলে সম্প্রচার বন্ধ করার অভিযোগ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য সরাসরি সম্প্রচার করার সময় নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নিহত প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারের বাসায় স্বজনদের সঙ্গে সাক্ষাতের পর খালেদা জিয়ার বক্তব্য কয়েকটি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করে। এ সময় ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ এলাকাবাসীর।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের স্যাটেলাইট টিভি সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান এসবি স্যাটেলাইট কোম্পানির মালিক আবদুল করিমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।