র্যাব থেকে সেনাসদস্য প্রত্যাহারের আহ্বান খোকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব থেকে সেনাসদস্যদের প্রত্যাহার করে নিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। তাঁর অভিযোগ, সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে গভীর ষড়যন্ত্র চলছে।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে সেনাবাহিনীর প্রতি সাদেক হোসেন এ আহ্বান জানান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা এবং আদালত স্থানান্তরের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যাতে তিনি আগামী নির্বাচনে অংশ নিতে না পারেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আমানউল্লাহ, এম এ সালাম প্রমুখ৷
সবুজ পাসপোর্ট পেলেন খালেদা জিয়া: লাল পাসপোর্ট জমা দেওয়ার পাঁচ দিনের মাথায় মেশিন রিডেবল (এমআরপি) সবুজ পাসপোর্ট পেলেন খালেদা জিয়া৷ গত বৃহস্পতিবার তিনি লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্টের জন্য আবেদন করেন৷ গতকাল খালেদা জিয়ার গুলশান কার‌্যালয়ের কর্মচারীরা আগারগাঁওয়ের পাসপোর্ট কার‌্যালয় থেকে নতুন পাসপোর্ট সংগ্রহ করেন৷