র্যাব দায়িত্ব নেওয়ার পরও থমকে গেছে তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানভীর হত্যা
তানভীর হত্যা

র‌্যাব দায়িত্ব নেওয়ার পরও নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্তকাজ থমকে গেছে। এক আসামি মাদক মামলায় ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ত্বকীকে হত্যার কথা স্বীকার করলেও হত্যা মামলায় তাঁর জবানবন্দি নেয়নি র‌্যাব। এদিকে মামলার তদন্তকাজ তত্ত্বাবধানকারী র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলমকে সম্প্রতি র‌্যাব-৭-এ বদলি করা হয়েছে।
নিখোঁজ হওয়ার দুই দিন পর গত ৮ মার্চ শহরের চারারগোপে শীতলক্ষ্যার শাখা খালে ত্বকীর লাশ পাওয়া যায়। এর কাছেই ৫ নম্বর ঘাটসংলগ্ন রাস্তায় আজ শুক্রবার বিকেল চারটায় সমাবেশ করবে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। পরে সেখান থেকে মশাল নিয়ে আলোর মিছিল যাবে চাষাঢ়া শহীদ মিনারে। পরদিন শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ত্বকী হত্যা: রাষ্ট্রের উদাসীনতা গণতন্ত্রের অন্তরায়’ শীর্ষক দেশের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিদের সমন্বয়ে গোলটেবিল বৈঠক হবে।
আলোচিত ত্বকী হত্যা মামলা প্রথমে তদন্ত শুরু করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের। পুলিশ রিফাত বিন ওসমান, ইউসুফ হোসেন ওরফে লিটন, সালেহ রহমান ওরফে সীমান্ত নামের তিনজনকে গ্রেপ্তার করলেও প্রভাবশালী রাজনৈতিক পরিবারের চাপে আর এগোতে পারেনি। ত্বকীর বাবা রফিউর রাব্বির আবেদনের পর হাইকোর্ট গত জুন মাসে মামলার তদন্তকাজ র‌্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।
নারায়ণগঞ্জে কর্মরত র‌্যাব-১১ তদন্তের দায়িত্ব পেয়েই জামিনে মুক্ত ইউসুফকে মাদকসহ গ্রেপ্তার করে। মাদক মামলায় ইউসুফ গত ৩০ জুলাই ১৬৪ ধারায় আদালতে দেওয়া জবানবন্দিতে স্বীকার করেন, কালাম শিকদার, সুলতান শওকত ওরফে ভ্রমর, রাজীব, অপু ও সালেহ মিলে ত্বকীকে গজারির লাঠি দিয়ে পেটান। ত্বকী অচেতন হলে কালাম শিকদার ত্বকীর বুকের ওপর উঠে বসে গলা চেপে শ্বাসরোধে হত্যা করে।
র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ও নাম আসা ব্যক্তিদের মধ্যে সালেহ ছাড়া অন্যরা নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। সালেহ আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ বন্ধু। এঁদের সবাইকে নাসিম ওসমান, সেলিম ওসমান ও শামীম ওসমানের বিভিন্ন কর্মসূচিতে দেখা যেত।
ইউসুফের জবানবন্দীর পর র‌্যাব-১১-এর সদস্যরা প্রথমে শহরের জামতলায় সালেহর বাসায় অভিযান চালান। এরপর গত ৭ আগস্ট র‌্যাবের অধিনায়ক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে র‌্যাবের সদস্যরা আজমেরী ওসমানের টর্চার সেল হিসেবে পরিচিত শহরের কলেজ রোডের একটি আস্তানা থেকে র‌্যাব রক্তমাখা জিনসের প্যান্ট, রক্তাক্ত গজারির লাঠি, বস্তাভর্তি নাইলনের রশি উদ্ধার করে। সেখানকার দেয়াল ও আসবাবে অসংখ্য গুলিবর্ষণের চিহ্ন ছিল। এরপর শামীম ওসমান বিভিন্ন সভা-সমাবেশে র‌্যাবের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেন। থমকে যায় র‌্যাবের তদন্ত।
মামলার বাদী সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, র‌্যাবের তদন্তকাজে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। শামীম ওসমান ও নাসিম ওসমানেরা এখনো নারায়ণগঞ্জের বিভিন্ন মানুষকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি শামীম ওসমান, নাসিম ওসমান, আজমেরী ওসমান, অয়ন ওসমানসহ দোষী সবাইকে গ্রেপ্তারের দাবি জানান।
মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার রবিউল হক দাবি করেন, তদন্ত চলছে। হত্যার রহস্য উদ্ঘাটনে তাঁরা আশাবাদী।