র‌্যাব ধরে নিয়ে গেছে ৩৮ দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়ার ফলবিক্রেতা মো. সেলিম ৩৮ দিন ধরে নিখোঁজ। গত ১৯ ফেব্রুয়ারি র‌্যাব সদস্য পরিচয়ে কাপাসিয়া থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে সেলিমের স্ত্রী ও মা অভিযোগ করেন। তাঁরা সেলিমকে উদ্ধারের আকুতি জানান। গতকাল শনিবার ঢাকার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেলিমের স্ত্রী নাজমা বেগম লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, একমাত্র শিশুসন্তান নিয়ে তিনি স্বামী সেলিমের পৈতৃক বাড়ি কাপাসিয়ার জাগির চাঁদপুরে থাকেন। গত ১৯ ফেব্রুয়ারি র‌্যাব-৪-এর পরিচয় দিয়ে একটি দল কাপাসিয়ার পিরোজপুর থেকে মইনুল ইসলাম ও মোহাম্মদ আলীর সঙ্গে সেলিমকে আটক করে। মইনুল হচ্ছেন সেলিমের পূর্বপরিচিত এবং মোহাম্মদ আলী আত্মীয়। পরে তাঁদের র‌্যাব-৪-এর মিরপুরের পাইকপাড়া কার্যালয়ে নেওয়া হয়। নাজমা বলেন, ঘটনার আগের রাতে মইনুলের বোনের বাড়ি পিরোজপুরে বেড়াতে গিয়েছিলেন সেলিম। আটকের পর মইনুলকে ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর ও মোহাম্মদ আলীকে ছেড়ে দেওয়া হয়। এরপর র‌্যাব, পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার দ্বারে দ্বারে ঘুরেও সেলিমের সন্ধান পাওয়া যায়নি।যোগাযোগ করা হলে র‌্যাব-৪-এর পরিচালক লে. কর্নেল কবির হোসেন প্রথম আলোকে বলেন, ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সভাপতি ফারুক হোসেন হত্যার অভিযোগে মইনুলকে ওই থানার মানিকদি এলাকা থেকে র‌্যাব গ্রেপ্তার করেছিল। মইনুলের সঙ্গে সেলিম নামে কাউকে র‌্যাব গ্রেপ্তার করেনি।