র্যাব ধরে নেওয়ার পর নিখোঁজ মফিজ উদ্দীনের সন্ধান দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব ধরে নিয়ে যাওয়ার পর নিখোঁজ সোনামসজিদ স্থলবন্দর পরিচালনায় নিয়োজিত পানামা পোর্ট লিংক লিমিটেডের নিরাপত্তা তত্ত্বাবধায়ক মফিজ উদ্দীনের সন্ধানের দাবিতে মানববন্ধন হয়েছে৷
সোনামসজিদ স্থলবন্দর এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়৷ দুপুর সোয়া ১২টা থেকে প্রায় এক ঘণ্টার মানববন্ধনে মফিজ উদ্দীনের মা, স্ত্রী, সন্তান ও ভাই এবং গ্রামের নারী-পুরুষ, বন্দরের শ্রমিকসহ চার শতাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মফিজ উদ্দীনের মা হাবীবা বেগম, স্ত্রী লাইলী বেগম, বড় ভাই হাফিজ উদ্দীন, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হামিদুর রহমান প্রমুখ। কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মফিজ উদ্দীনের মা। র‌্যাবের উদ্দেশে তিনি বলেন, ‘হামার ছ্যালাকে তোমরা ফিরিয়ে দ্যাও। হামি আর কিছু বুঝি না।’ অশ্রুসিক্ত লাইলী বেগম বলেন, ‘আমি অসহায় নারী। তিন নাবালক ছেলে নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছি। আমার স্বামীকে ফিরে না পেলে কীভাবে ছেলেদের খাওয়াব-পর়াব, ওদের মানুষ করব? আমার স্বামীর জীবন ভিক্ষা চাই।’
হাফিজ উদ্দীন বলেন, ‘র‌্যাবের অভিযানে নেতৃত্বদানকারী চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের প্রধান লে. আবদুল হামিদের সঙ্গে একাধিকবার দেখা করেছি। তিনি আমার ভাইকে ধরে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন। কিন্তু আমার ভাইসহ পাঁচজনকে র‌্যাব-৫-এর সদস্যরা ধরে নিয়ে যান। এলাকার অনেকেই তা দেখেছে। আমার ভাই কোনো অপরাধ করে থাকলে আইনের আওতায় তার বিচার হোক। কিন্তু র‌্যাব তাকে অপহরণ করে নিয়ে যেতে পারে না। তাকে মেরে ফেলা হলে আমরা লাশের সন্ধান চাই।’
কথা হয় মফিজ উদ্দীনসহ ধরে নিয়ে যাওয়া চারজনের একজন বন্দর শ্রমিক খলিলুর রহমানের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘গত ১৫ ফেব্রুয়ারি রাত আটটার দিকে বন্দরসংলগ্ন বালিয়াদীঘির রফিকুর ইসলামের একটি ঘরে আমরা পাঁচজন মিলে মদপান করছিলাম। এ সময় লে. হামিদের নেতৃত্বে র‌্যাবের ২৫-৩০ জন সদস্য সেখানে উপস্থিত হয়ে সবার চোখ বেঁধে ফেলেন। মফিজ উদ্দীনকে তাঁরা বেদম পেটান। তাঁর পরনের প্যান্ট খুলে আমাদের মধ্যকার রয়েল নামে একজনকে দেন এবং রয়েলের লুঙ্গি মফিজ উদ্দীনকে পরান। আমাদের চারজনকে র‌্যাবের পিকআপ ভ্যানে ও মফিজকে আলাদা গাড়িতে ওঠানো হয়। র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে এসে মফিজকে আর দেখতে পাইনি। পরদিন আমাদের চারজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।’
মফিজ উদ্দীনের নিখোঁজের ঘটনায় তাঁর স্ত্রী লাইলী বেগম শিবগঞ্জ থানায় জিডি করেন। জিডিতে তিনি লে. আবদুল হামিদের নেতৃত্বে র‌্যাব-৫-এর সদস্যদের অভিযুক্ত করেন। এ ছাড়া স্বামীকে ফিরে পেতে তিনি র‌্যাব-৫-এর অধিনায়ক, পুলিশের মহাপরিদর্শক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জানান।