র‌্যাব নিয়ে মার্কিন প্রতিবেদন সত্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মানবাধিকার ও র‌্যাব নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের (স্টেট ডিপার্টমেন্ট) প্রকাশিত প্রতিবেদন সত্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, বিএসএফের হাতে নিহত ফেলানী বাংলাদেশি নয়, ভারতীয়।নিউইয়র্কে স্থানীয় সময় গত রোববার সন্ধ্যায় এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি উল্টো প্রশ্ন করেন, সন্ত্রাসীদের ধরতে গেলে তারা যখন গুলি ছোড়ে, তখন কি র‌্যাব বসে গুলি খাবে? মহিউদ্দীন দেওয়ানের সভাপতিত্বে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ ওই মতবিনিময় সভার আয়োজন করে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব গঠন করেছিল বিএনপি। এ পর্যন্ত র্যাবের হাতে মারা গেছে ৬৩৭ জন। এর মধ্যে আওয়ামী লীগের সময় মারা গেছে মাত্র ৯১ জন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএসএফের হাতে নিহত ফেলানী বাংলাদেশি নয়। তারা ভারতীয়। তার পরও সরকার পরিবারটির জন্য অনেক কিছু করেছে। আমি নিজে তাদের বাড়িতে গিয়েছি।’আওয়ামী লীগে যুদ্ধাপরাধী আছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা আমাদের জানা নেই। তবে তদন্তে প্রমাণিত হলে সে যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে না। তবে আগে তদন্তে প্রমাণিত হতে হবে।’ আওয়ামী লীগে যুদ্ধাপরাধী রয়েছে বলে বিএনপির চেয়ারপারসন দাবি করেছেন বলে জানানো হলে তিনি বলেন, ‘মিথ্যা বলা ওনার স্বভাব।’