আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর জবাবদিহির মধ্যে আনা প্রয়োজন বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা৷ তাঁরা বলছেন, মানুষের জানমালের রক্ষকেরা লাগামহীন থাকলে অপরাধপ্রবণতা বাড়বে৷ র্যাবকে সব কাজে ব্যবহার না করে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের ওপর ছেড়ে দিতে হবে৷
গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘গুম ও অপহরণ: নাগরিক উদ্বেগ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তাঁরা এ কথা বলেন৷ দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলোর মধ্যে সংস্কার শুরু করা এখনই সময় বলে তাঁরা মত দেন৷ তাঁরা বাহিনীগুলোকে দলীয় ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের কাজে ব্যবহার থেকে সরকারের বিরত থাকারও পরামর্শ দেন৷
গোলটেবিলের মূল প্রবন্ধে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, নারায়ণগঞ্জে সাতজন অপহরণ ও খুনের ঘটনায় র্যাবের তিনজন সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে৷ অপরাধ প্রমাণিত হলে শুধু বাধ্যতামূলক অবসরই যথেষ্ট নয়, প্রয়োজন কঠোর শাস্তি প্রদান৷ ঘটনার নেপথ্যে যদি কোনো প্রভাবশালী মহলও জড়িত থাকে, নির্দ্বিধায় তাদেরও বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে৷
আলী ইমাম বলেন, ২০১০ সাল থেকে এখন পর্যন্ত ২৮২ জন গুম হয়েছেন৷ এর মধ্যে সব ঘটনার পেছনের রহস্য এখনো উদ্ঘাটন হয়নি৷ গুম, অপহরণের মতো অপরাধ শনাক্তকরণে প্রধান বাধা হিসেবে তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগকে দায়ী করেন৷
সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, র্যাব কী উদ্দেশ্যে গঠন করা হয়েছে এবং এখন তারা কী কী কার্যক্রম পরিচালনা করছে, তা পরিষ্কার হওয়া দরকার৷ তিনি বলেন, জবাবদিহির ঊর্ধ্বে না রেখে সব বাহিনীকে সরকারের কঠোর নজরদারির মধ্যে আনতে হবে৷ সুশীল সমাজের ভূমিকাও এ ক্ষেত্রে যথেষ্ট নয় উল্লেখ তিনি বলেন, সম্প্রতি গুম-খুনের প্রতিবাদে তাঁরা একটি মানববন্ধন করেছিলেন৷ কিন্তু সেখানে অনেকেই আসেননি৷
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার র্যাবের পরিবর্তে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে কার্যকর করে গড়ে তোলার কথা বলেন৷ র্যাবকে কেবল জরুরি প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে৷
গবেষক সৈয়দ আবুল মকসুদ গুম-খুন বেড়ে যাওয়ার জন্য রাজনীতির দুর্বৃত্তায়নকে দায়ী করেন৷ তিনি বলেন, রাজনৈতিক প্রশ্রয় না পেলে এ ধরনের ঘটনা এত ঘটত না৷
গুম ও অপহরণের সঙ্গে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদষ্টো ইনাম আহমদ চৌধুরী৷ পুলিশের সাবেক মহাপরিদর্শক এএসএম শাহজাহান বলেন, আইন প্রয়োগকারী সংস্থা যদি নিজেই আইন ভঙ্গ করে, তখন আইনের প্রতি জনগণের শ্রদ্ধা কমে যায়৷
সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন৷ তিনি বলেন, এ জন্য সরকার আইনশৃঙ্খলা ও রাজনীতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে৷ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় একজন মন্ত্রীর ছেলে ও মেয়ের জামাইয়ের জড়িত থাকার অভিযোগ উঠেছে৷ কিন্তু এর পরও সেই মন্ত্রী বহাল আছেন৷ এটা বিস্ময়কর৷
আরও বক্তব্য দেন সুজনের নির্বাহী সদস্য বিচারপতি কাজী এবাদুল হক, সংগঠনের জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক অজয় রায়, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আবদুর রহমান ও মহানগর কমিটির সভাপতি এহসানুল করিম৷