র‌্যাব পরিচয়ে অপহরণ টাকা রেখে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য পরিচয়ে তিন ব্যক্তি গতকাল বুধবার অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবু হাসানকে (৪৫) দুই লাখ টাকাসহ অপহরণ করেন। যশোরের বাঘারপাড়া উপজেলা সদর থেকে অপহরণের দুই ঘণ্টা পর টাকা রেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়। আবু হাসানের বাড়ি রায়পুর গ্রামে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, বেলা একটার দিকে সোনালী ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে হাসান নছিমনে বাড়ি ফিরছিলেন। আল হেলাল ট্রাস্টের কাছে পৌঁছালে সাদা রঙের একটি মাইক্রোবাস নছিমনের গতি রোধ করে। তাঁরা বলেন, ‘জাল টাকা কারবারি চক্রের সঙ্গে আপনি জড়িত বলে অভিযোগ রয়েছে। আপনাকে র‌্যাব অফিসে যেতে হবে।’ এ কথা বলেই তাঁরা আবু হাসানকে মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে ফেলেন। এরপর বেলা তিনটার দিকে হাসানের কাছে থাকা দুই লাখ টাকা ও দুটি মুঠোফোনের সিম নিয়ে তাঁকে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের নিমতলা এলাকায় ছেড়ে দিয়ে যান।