র্যাব পরিচয়ে অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

পুরান ঢাকার রায়সাহেব বাজার থেকে এক মাস

আগে র্যাব পরিচয়ে অপহৃত ব্যবসায়ী রহমতউল্লাহ ওরফে সেন্টুকে (৩৮) জীবিত ফেরত চেয়েছেন তাঁর স্ত্রী বৈশাখী আফরিন ওরফে লাভলী। কান্নাজড়িত কণ্ঠে তিনি তাঁর স্বামীকে জীবিত উদ্ধারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন৷
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈশাখী আফরিন এ আবেদন জানান৷ তিনি অভিযোগ করেন, র্যাব-১০-এর সদস্যরা তাঁর স্বামীকে গুম করেছেন৷
জানতে চাইলে সন্ধ্যায় র্যাব-১০-এর পরিচালক লে. কর্নেল খন্দকার গোলাম সরোয়ার প্রথম আলোকে বলেন, এ ধরনের অভিযোগের কথা তাঁর মনে পড়ছে না। তবু তিনি বিষয়টি খতিয়ে দেখছেন৷
৯ এপ্রিল অপহৃত রহমতউল্লাহ সায়েদাবাদ-টঙ্গী পথে চলাচলকারী তুরাগ পরিবহনের ভাইস চেয়ারম্যান৷ তিনি সায়েদাবাদ বাস টার্মিনালকেন্দ্রিক বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল আলম মোল্লা হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি৷ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে রহমতউল্লাহর রড-সিমেন্টের দোকান রয়েছে৷ বৈশাখীর মামাতো বোনের স্বামী সাইফুল ইসলাম ১ মে সানারপাড় থেকে অপহৃত হওয়ার পর ২ মে রাতে সাভারের নবীনগরে তাঁকে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়৷
সংবাদ সম্মেলনে বৈশাখী বলেন, ৯ এপ্রিল খায়রুল হত্যা মামলার বিষয়ে কথা বলতে স্বামীর সঙ্গে তিনি পুরান ঢাকার কোর্ট হাউস স্ট্রিটে একজন আইনজীবীর সহকারী শাহ আলমের চেম্বারে যান। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা ওই চেম্বার থেকে বেিরয়ে কাছে গোয়ালনগর লেনে গেলে ৮-১০ জন লোক তাঁর স্বামীকে ইংলিশ রোডের দিকে নিয়ে যেতে থাকেন। তাঁদের চিৎকারে আশপাশের দোকানি ও লোকজন এগিয়ে এলে তাঁদের সঙ্গে ওই লোকদের হাতাহাতি হয়৷ একপর্যায়ে তাঁর স্বামীকে টেনেহিঁচড়ে ইংলিশ রোডের মুখে দাঁড়ানো কালো কাচের একটি মাইক্রোবাসে তোলা হয়৷ দু-তিন মিনিট পর র্যাবের পোশাক পরা অস্ত্রধারী তিন-চারজন লোক এসে উপস্থিত জনতাকে লাঠিপেটা করে সরিয়ে দিলে মাইক্রোবাসটি চলে যায়৷ এর পরপরই সেখানে আসা র্যাব লেখা একটি গাড়িতে র্যাবের পোশাক পরা লোকজন উঠে চলে যান৷
বৈশাখী বলেন, ঘটনাস্থলের অদূরে পুলিশের কাছে মাইক্রোবাসের লোকদের পরিচয় জানতে চাইলে তাঁরা বলেন, তাঁরা র্যাব-১০-এর পরিচয়পত্র দেখিয়েছেন৷ কিন্তু তিনি তখন র্যাব-১০-এর কার্যালয়ে গেলে তাঁরা বিষয়টি অস্বীকার করেন৷ তিনি অভিযোগ করেন, তাঁর স্বামীর সঙ্গে সায়েদাবাদ বাস টার্মিনালের দুই ব্যক্তির ব্যবসায়িক বিরোধ ছিল৷ এর জের ধরে তাঁরা টাকা দিয়ে র্যাব-১০-কে দিয়ে তাঁর স্বামীকে গুম করিয়েছেন৷ র্যাবের নাম বাদ দিয়ে এজাহার লেখায় ঘটনার আট দিন পর কোতোয়ালি থানা অপহরণ মামলা নেয়৷
সংবাদ সম্মেলনে বৈশাখীর দুই বোন মহুয়া বেগম ও নারগিস আক্তার, মহুয়ার স্বামী মেসবাহ উদ্দিন এবং বৈশাখীর তিন শিশুসন্তান উপস্থিত ছিল৷ বৈশাখী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘স্বামীকে ফিরে পেতে থানা, আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারে দ্বারে ঘুরেছি৷ উপায় না দেখে সাংবাদিকদের শরণাপন্ন হলাম৷’ কাঁদতে কাঁদতে তিনি স্বামীকে জীবিত উদ্ধারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন৷