র্যাব পরিচয়ে এক রাতে আট বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় র‌্যাব পরিচয়ে এক রাতেই তিন গ্রামের আটটি বাড়িতে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে এক মা ও তাঁর ছেলে হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকাবাসী ও রায়গঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, বুধবার রাত একটার দিকে উপজেলার রায়গঞ্জ পৌরসভার লক্ষ্মীকোলা এলাকায় ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজমল হোসেনের বাড়িতে র‌্যাব পরিচয়ে ১০-১২ জনের একটি দল ঘরে প্রবেশ করে। তারা বাড়ির লোকজনের কাছ থেকে মুঠোফোন, সোনার গয়নাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নেয়। এরপর তাঁর বড় ভাই ইব্রাহিম হোসেনের বাড়িতে ঢুকে একই কায়দায় প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ইব্রাহিম হোসেনের স্ত্রী নুরমহল বেগম ও ছেলে জুবায়ের হোসেন গুরুতর আহত হন। রাতেই আহত দুজনকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে নুরমহল বেগমের অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজমল হোসেন জানান, ডাকাতেরা ঘরে ঢুকেই ‘অস্ত্র কোথায় রাখছিস’ বলে তল্লাশি শুরু করে। এরপর তল্লাশির নামে ডাকাতি করে চলে যায়।
এরপর ডাকাতেরা উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল হোসেন গ্রামের আজম আলী ও হাফিজুর রহমান এবং বৈকুণ্ঠপুর গ্রামের আফসার আলী, মনিরুজ্জামান, দেলোয়ার হোসেন ও শুকুর আলীর বাড়িতে হানা দিয়ে একইভাবে প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।