র্যাব পরিচয়ে চালভির্ত ট্রাক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব  পরিচয়ে গত সোমবার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজার এলাকায় নাটোর-কুষ্টিয়া সড়ক থেকে চালভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে৷ এ সময় চালক ও সহকারীকে মাইক্রোবাসে করে অপহরণ করে আখখেতে ফেলে রেখে যায় তারা৷
রাতেই পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইক্ষু খামারের জমি থেকে চালক জাহেদুল ইসলাম ও সহকারী ছলিম উদ্দিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে নাটোর-সিংড়া সড়ক থেকে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হলেও চাল পাওয়া যায়নি।
বড়াইগ্রাম থানার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়ার আবদুর রশিদ এগ্রো ইন্ডাস্ট্রিজের চালভর্তি একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে বড়াইগ্রামের কয়েন বাজার এলাকায় পৌঁছে। এ সময় সাদা রঙের একটি মাইক্রোবাস ট্রাকের গতিরোধ করে। মাইক্রোবাসে থাকা র্যাবের কালো পোশাক পরা এক লোক চালক ও সহকারীকে ট্রাক থেকে কাগজপত্র নিয়ে নেমে আসার নির্দেশ দেয়। এ সময় মাইক্রোবাস থেকে সাদাপোশাক পরা কয়েকজন এসে ট্রাকে ওঠে। অল্প সময়ের মধ্যে চালক ও সহকারীকে মাইক্রোবাসে উঠিয়ে পাবনার দিকে চলে যায় এবং ট্রাকটি নিয়ে নাটোরের দিকে রওনা হয়। খবর পেয়ে পুলিশ ও ওই ইন্ডাস্ট্রিজের লোকজন চারদিকে খোঁজাখঁুজি শুরু করে৷ রাতেই পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইক্ষু খামারের একটি জমি থেকে জাহেদুল ও ছলিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ৷ পরে রাজাপুরের একটি ক্লিনিকে চিকিৎসা শেষে তাঁদের মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এদিকে মঙ্গলবার ভোরে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় নাটোর-বগুড়া সড়ক থেকে ছিনতাই হওয়া ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তবে চাল উদ্ধার করা সম্ভব হয়নি।
ট্রাকচালক জাহেদুল ইসলাম বলেন, ‘র‌্যাব পরিচয় দেওয়ায় আমি ট্রাক থামিয়েছিলাম। মাইক্রোবাসে তুলেই তারা আমাদের অজ্ঞান করে ফেলে।’
ট্রাক ও চালের মালিক আবদুর রশিদ বলেন, এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে৷
নাটোরে দায়িত্বপ্রাপ্ত র‌্যাব -৫-এর মেজর জামাল উদ্দিন বলেন, ‘ঘটনাটি আমাদের জানা নেই। আমাদের কোনো সদস্য সোমবার রাতে ওই সড়কে যাননি। ঘটনাটি তদন্ত করে দেখছি।’