র্যাব পরিচয়ে ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে পায়ে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় র‌্যাব পরিচয়ে ছাত্রলীগের এক নেতাকে তুলে নিয়ে পায়ে গুলি করা হয়েছে। গতকার মঙ্গলবার ভোরে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় সেতুর নিচ থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ মো. মুন্না (৩২) ফতুল্লা থানা ছাত্রলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ফতুল্লার পোস্ট অফিস এলাকার মিরাজ মিয়ার ছেলে।
মিরাজ মিয়া সাংবাদিকদের জানান, সোমবার বিকেলে পোস্ট অফিস এলাকায় ১০-১২ জন সাদা পোশাকধারী একদল লোক র‌্যাব পরিচয়ে মুন্নাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। মুন্না জানান, তাঁকে মাইক্রোবাসের ভেতর ঢুকিয়ে হাত, পা, চোখ ও মুখ বেঁধে ফেলে দুর্বৃত্তরা। অনেকক্ষণ বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দিবাগত রাত দুইটার দিকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে তাঁর দুই পায়ে তিনটি গুলি করে। পরে তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরে তিনি দেখেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মুন্না জানান, পরে তিনি জানতে পারেন মুক্তারপুর সেতুর নিচ থেকে লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁর পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
মুন্নার পায়ে গুলি করার ব্যাপারে জানতে নারায়ণগঞ্জে কর্মরত র‌্যাব সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা কিছু জানেন না বলে জানিয়েছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ফতুল্লা থানা-পুলিশের কেউ ছাত্রলীগের কোনো নেতাকে আটক করেনি। পায়ে গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে পুলিশ কিছু জানে না।
এদিকে ছাত্রলীগের নেতাকে গুলি করার ঘটনায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ ও সাধারণ সম্পাদক এম শওকত আলী তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।