র‌্যাব পরিচয়ে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়ায় র‌্যাবের সদস্য পরিচয় দিয়ে কর্মসৃজন কর্মসূচির প্রকল্পের দুই লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করেছে একদল সন্ত্রাসী। গত সোমবার প্রেমবাগ ইউনিয়ন পরিষদের তিনজন সদস্যের কাছ থেকে ওই টাকা ছিনতাই করা হয়। অভয়নগর থানার পুলিশ ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা জানান, প্রেমবাগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সাত্তার, ২ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফা ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দিন সোমবার দুপুরে জনতা ব্যাংকের চেঙ্গুটিয়া শাখা থেকে কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের আড়াই লাখ টাকা তোলেন।ব্যাংকের কাজ শেষে তাঁরা শ্যালো ইঞ্জিনচালিত যান নছিমন ভাড়া করে প্রেমবাগ বাজারে অবস্থিত ইউপি কার্যালয়ে যাচ্ছিলেন। চেঙ্গুটিয়া বাজারের কাছে উড়োতলা এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস নছিমনের গতি রোধ করে। এরপর কয়েকজন সন্ত্রাসী জোর করে তাঁদের মাইক্রোবাসে তুলে নেয় এবং কালো কাপড় দিয়ে তাঁদের চোখ বেঁধে ফেলে। একপর্যায়ে তাঁরা তাঁদের কাছ থেকে থেকে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। শেষে সন্ত্রাসীরা মনিরামপুর উপজেলার বাড়পাড়া উত্তরপাড়া গ্রামের নির্জন স্থানে তাঁদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে। ইউপি সদস্য আবদুস সাত্তার বলেন, ‘নছিমনে ইউপি কার্যালয়ে আসার পথে ছিনতাইকারীরা র‌্যাব পরিচয় দিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে মাইক্রোবাসে তোলে। গাড়িতে মোট ছয়জন ছিল। তাদের শরীরে র‌্যাবের পোশাক ও হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারা আমাদের মারধর করেছে। পরে নির্জন স্থানে গিয়ে আমাদের নামিয়ে দিয়ে তারা পালিয়ে যায়।’ র‌্যাব যশোর-৬-এর সহকারী পরিচালক সাজেদুর রহমান জানান, এ ঘটনার সঙ্গে র‌্যাবের কোনো সদস্য জড়িত নন। তিনি আরও বলেন, ‘ছিনতাইকারীদের আটক করতে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, খুব শিগগির ছিনতাই হওয়া টাকা ও ছিনতাইকারীদের আটক করতে পারব।’