র‌্যাব পরিচয়ে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে আশুলিয়ার গোয়ালবাড়ী এলাকায় গতকাল সোমবার সোনামিয়া নামের একজন ব্যবসায়ীর কাছ থেকে র‌্যাব সদস্য পরিচয়ে দুর্বৃত্তরা প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। সোনামিয়ার ভাষ্যমতে, তিনি গতকাল বেলা তিনটার দিকে আশুলিয়ার জিরানী এলাকা থেকে তাঁর ব্যবসায়িক অংশীদার ইউনুস মিয়ার কাছ থেকে দুই লাখ ২১ হাজার টাকা নিয়ে একটি সিএনজি অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। সাড়ে তিনটার দিকে তিনি গোয়ালবাড়ী আলহাজ আবদুল মান্নান কলেজের কাছে পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস এসে অটোরিকশার গতিরোধ করে। এরপর ওয়াকিটকি হাতে পাঁচ ব্যক্তি মাইক্রোবাস থেকে নেমে র‌্যাব সদস্য পরিচয়ে তাঁকে টেনেহিঁচড়ে সিএনজি থেকে নামান। থানায় নেওয়ার কথা বলে চোখ ও হাত বেঁধে তাঁকে ওই মাইক্রোবাসে তুলে রওনা দেন। ঘণ্টা দুই বিভিন্ন স্থানে ঘুরিয়ে তাঁর টাকা ছিনিয়ে নিয়ে ধামরাইয়ের কালামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফেলে চলে যান। স্থানীয় লোকজনের সহায়তায় তিনি বাঁধন খুলে বাড়ি ফিরতে সক্ষম হন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম বলেন, ‘এ রকম কোনো অভিযোগ আমি পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’