র্যাব পরিচয়ে ছিনতাই হওয়া ৩১৫ বস্তা চাল গুরুদাসপুরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব পরিচয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন এলাকা থেকে ছিনতাই হওয়া ট্রাকের ৩১৫ বস্তা চাল বুধবার দুপুরে গুরুদাসপুর উপজেলা থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বড়াইগ্রাম থানা থেকে জানা যায়, বুধবার দুপুরে গুরুদাসপুরের মিছিল এগ্রো ইন্ড্রাস্ট্রিজ থেকে একটি মিনিট্রাক ১৩৫ বস্তা মিনিকেট চাল নিয়ে স্থানীয় চৈতালী বাজারের আবদুল রাজ্জাক মুন্সির গুদামের দিকে যাচ্ছিল। গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয় কিছু যুবক ট্রাকটি থামালে চালক পালানোর চেষ্টা করেন। তবে যুবকেরা ওই ট্রাকের চালক নবির উদ্দিনকে আটক করেন এবং থানায় খবর দেন।
গুরুদাসপুর ও বড়াইগ্রাম থানার পুলিশ সেখানে এসে চালককে জিজ্ঞাসাবাদ করলে উদ্ধার হওয়া চাল কয়েন এলাকা থেকে ছিনতাই হওয়া চাল বলে জানায়। ১৩৫ বস্তা চালসহ ট্রাকটি গুরুদাসপুর থানায় নিয়ে যাওয়া হয়। পরে চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিরপুর বাজারের রবিউল ইসলামের গুদাম থেকে ১৮০ বস্তা চাল উদ্ধার করা হয়। সোমবার রাত আটটার দিকে নাটোর-কুষ্টিয়া সড়কের কয়েন এলাকায় র‌্যাব পরিচয়ে কিছু দুর্বৃত্ত কুষ্টিয়ার রশিদ এগ্রো ইন্ডাস্ট্রিজের চালভর্তি একটি ট্রাক ছিনতাই করে।