র্যাব পরিচয়ে ছিনতাইকালে গাড়িসহ আটক ১
সীতাকুণ্ডের ভাটিয়ারিতে র্যাব পরিচয়ে ছিনতাইয়ের সময় পুলিশ ধাওয়া করে গাড়িসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এ সময় ছয় ছিনতাইকারী চক্রের বাকি পাঁচজন পালিয়ে যায়। আটককৃত ছিনতাইকারীর নাম হাবিবুর রহমান (৪২)। তিনি কিশোরগঞ্জ জেলার বায়েজিদপুর উপজেলার সুলতানপুর গ্রামের আবদুল মালেকের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের খাদামপাড়া গ্রামের মৃত নুরুল আবছার চৌধুরীর ছেলে ব্যবসায়ী আলী আকবরকে (৪৫) ভাটিয়ারির মাদামবিবিরহাট এলাকা থেকে কালো রঙের হাইচ গাড়িতে তুলে ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছে—এমন খবর পেয়ে সবগুলো টহল পুলিশকে সতর্ক করে পাহারা বসানো হয়। এ সময় উপজেলার দক্ষিণ ও উত্তর বাইপাস এলাকায় পুলিশের পাহারা উপেক্ষা করে চলে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে। নিরুপায় হয়ে ছিনতাইকারীরা গাড়িটিকে সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের বারৈয়াপাড়া গ্রামে ঢোকানোর সময় থানার পুলিশের উপপরিদর্শক মেজবাহ উদ্দীন ও হাবিলদার আক্তার হোসেন গাড়িসহ চালক হাবিবকে আটক করেন।আটককৃত হাবিবুর রহমান ছিনতাইকারী নন বলে জানিয়ে বলেন, ‘পাঁচজন র্যাবের সদস্য নগরের অলংকার মোড় থেকে ফেনী যাওয়ার কথা বলে গাড়িটি ভাড়া করেন। সীতাকুণ্ড থেকে তাঁদের একজন লোক উঠবে বলে জানান। ওই ব্যক্তিটিকে তোলার পর জানতে পারি তাঁরা ছিনতাইকারী।’ছিনতাইয়ের স্বীকার আলী আকবর চৌধুরী বলেন, তিনি সোনাইছড়ি জোড় আমতল এলাকায় জনতা স্টিল নামে জাহাজভাঙা কারখানার শ্রমিকদের বেতন-বোনাসের তিন লাখ ৩০ হাজার টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় চেপে যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাঁর গাড়ি থামিয়ে ওয়ারেন্ট আছে বলে ছিনতাইকারীদের গাড়িতে তুলে নেয়। পরে চোখ-মুখ বেঁধে পন্থিছিলা বাজার এলাকায় রাস্তার পাশে ফেলে দেয়। পুলিশ তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।