র্যাব পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, চারজন গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য পরিচয় দিয়ে ছিনতাইয়ের চেষ্টার সময় চারজনকে আটক করে গণপিটুনি দিয়েছে লোকজন। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে বরমী-শ্রীপুর সড়কের সোনাকর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: ঢাকার যাত্রাবাড়ী এলাকার পাড়াডোগা গ্রামের ফজলুল হক (৫০) এবং মাতুয়াইলের সাখাওয়াত হোসেন (৪০), আবদুর রহিম (৪০) ও জসীম উদ্দিন (৩৫)।প্রত্যক্ষদর্শী বরমী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুর রাজ্জাক বেপারী জানান, শ্রীপুরের কেওয়াপাড়া গ্রামের মতিউর রহমান বুধবার সন্ধ্যায় হাটে গরু কিনতে না পেরে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন।পথে অভিযুক্ত ব্যক্তিরা র্যাব পরিচয় দিয়ে তাঁর কাছে থাকা ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে একটি প্রাইভেট কারযোগে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ধাওয়া করে প্রাইভেট কারসহ তাদের আটক করে গণপিটুনি দেয়।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে র্যাব ও পুলিশ রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের উদ্ধার করে প্রাইভেট কারসহ থানায় নিয়ে আসে। পরে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়।