র‌্যাব পরিচয়ে দুই লাখ টাকা নিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে গতকাল সোমবার র‌্যাবের গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে দুই দুর্বৃত্ত প্রতারণা করে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির এক বিক্রয় ব্যবস্থাপকের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে গেছে। কোম্পানির নাটোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর পৌনে দুইটায় বিক্রয় ব্যবস্থাপক শাহিনুল ইসলাম শহরের হাফরাস্তা এলাকার নিজ বাসা থেকে মোটরসাইকেলে করে স্টেশন এলাকার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে এনএস কলেজ মসজিদের সামনে পৌঁছালে সাদা পোশাকের এক ব্যক্তি তাঁকে থামতে বলেন। অপরিচিত লোক হওয়ায় তিনি সেখানে না থেমে স্টেশনের একতা মোড়ে গিয়ে থামেন। এ সময় মোটরসাইকেলে করে ওই ব্যক্তিসহ দুজন সেখানে গিয়ে পরিচয়পত্র দেখিয়ে নিজেদের র‌্যাবের গোয়েন্দা কর্মকর্তা বলে দাবি করেন। একপর্যায়ে তাঁকে মোটরসাইকেলসহ খাদ্যগুদামের সামনে নিয়ে আসেন। সেখানে তাঁকে দুই বোতল ফেনসিডিল দেখিয়ে বলা হয়, এগুলো তাঁর মোটরসাইকেলের ভেতরে ছিল। তাঁকে ফেনসিডিলের মামলায় গ্রেপ্তার দেখানো হবে। তবে পাঁচ লাখ টাকা দেওয়া হলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। মানসম্মান ও আইনি ঝামেলা এড়াতে তিনি দুই লাখ টাকা দিতে রাজি হন। পরে তাঁর কার্যালয়ের ক্যাশিয়ারকে ডেকে ওই টাকা এনে দেওয়া হয়।নাটোরের এসপি নাহিদ হোসেন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য এ ধরনের অভিযান পরিচালনা করেনি। যারা এ কাজ করেছে তারা ভুয়া।