র্যাব পরিচয়ে ধরার পর খোঁজ নেই মফিজের
র্যাব পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার প্রায় দুই মাস পরও খোঁজ মেলেনি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পরিচালনার দায়িত্বে নিয়োজিত পানামা পোর্ট লিংক লিমিটেডের নিরাপত্তা তত্ত্বাবধায়ক (সিকিউরিটি সুপারভাইজার) মফিজ উদ্দীনের।
ঘটনার পর নিখোঁজ মফিজের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। র্যাব-৫-এর সদর দপ্তরে লিখিত অভিযোগও জানানো হয়। কিন্তু তাঁর সন্ধান দেওয়া দূরের কথা, তাঁকে ধরে নিয়ে যায়নি বলে দাবি র্যাবের।
শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরসংলগ্ন বালিয়াদীঘি গ্রামে মফিজের বাড়িতে গতকাল শনিবার কথা হয় মফিজ উদ্দীনের মা হাবিবা বেগম, স্ত্রী লাইলী বেগম ও ভাই হাফিজ উদ্দীনের সঙ্গে। কথা বলার সময় সবার চোখেমুখে ছিল উৎকণ্ঠা আর হতাশার ছাপ। এত দিনেও মফিজকে ফিরে না পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ক্ষুব্ধ তাঁরা।
মফিজের ভাই হাফিজ উদ্দীন জানান, গত ১৫ ফেব্রুয়ারি সোনামসজিদ স্থলবন্দরসংলগ্ন একটি বাড়ি থেকে মাদক সেবনের অপরাধে পাঁচজনকে ধরে নিয়ে যায় র্যাব। এর মধ্যে মফিজ উদ্দীনও ছিলেন। কিন্তু পরদিন চারজনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করে ছেড়ে দেওয়া হলেও তাঁর ভাইকে ছাড়া হয়নি। তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে র্যাবের সঙ্গে যোগাযোগ করা হলে মফিজকে আটক করেনি বলে তারা জানায়। প্রায় দেড় শ লোকের সামনে থেকে প্রকাশ্যে তুলে নিয়ে গেলেও পরে র্যাব অস্বীকার করে। এরপর গত ১৮ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় একটি জিডি করেন মফিজের স্ত্রী লাইলী বেগম।
জিডিতে উল্লেখ করা হয়, ওই দিন সোনামসজিদ স্থলবন্দরসংলগ্ন রফিকের বাড়ি থেকে র্যাব পরিচয়ে পাঁচ ব্যক্তি মফিজ উদ্দীনসহ আরও চারজনকে তুলে নিয়ে যায়। অন্যরা হচ্ছেন শিয়ালমারা গ্রামের মো. খলিল, বালিয়াদীঘি গ্রামের মো. রয়েল, জিয়ারপুরের নাসির ও শুকুর আলী। সাধারণ পোশাকে থাকা র্যাব পরিচয় দেওয়া ব্যক্তিরা এই পাঁচজনকে সাদা রঙের একটি মাইক্রোবাসে তোলেন। পরে র্যাবের দুটি পিকআপ (রেজি. নম্বর ৫, ব্যাটালিয়ন ৪৫০২ এবং ঢাকা মেট্রো গ ১৩-১০৬৩) ওই মাইক্রোবাসটিকে পাহারা দিয়ে নিয়ে যায়। জিডিতে লাইলী বেগম আশঙ্কা প্রকাশ করেন যে, তাঁর স্বামীকে হত্যা করে লাশ গুম করা হতে পারে।
লাইলী বেগম জানান, থানায় জিডি করে প্রতিকার না পেয়ে তিনি র্যাব-৫-এর সদর দপ্তরে লিখিত অভিযোগ করেন। তিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের (সিআইডি) কাছেও অভিযোগ করেন। এসব অভিযোগের অনুলিপি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবের কাছেও পাঠানো হয়।
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, ওই রাতে পাঁচজনকে নয়, চারজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে মফিজ নামে কেউ ছিলেন না।
যে বাড়ি থেকে র্যাব পাঁচ ব্যক্তিকে তুলে নিয়ে গিয়েছিল, সেখানেই পাওয়া গেল খলিলকে। তিনি জানান, ঘটনার দিন র্যাব পাঁচজনকে আটক করে। একপর্যায়ে তাঁদের চোখ বেঁধে র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। চোখ খুলে চারজনকে দেখলেও মফিজকে তিনি দেখতে পাননি। আটকের সময় মফিজ উদ্দীনকে প্রায় ১০ মিনিট ধরে র্যাব সদস্যরা মারধর করেন বলেও অভিযোগ করেন তিনি। তুলে নিয়ে যাওয়া পাঁচজনের মধ্যে অন্যরাও দাবি করেন যে, তাঁদের সঙ্গে মফিজকেও ধরে নিয়ে যাওয়া হয়েছিল।
ওই রাতে অভিযানে নেতৃত্ব দেন র্যাব কর্মকর্তা লে. আবদুল হামিদ। তিনি এ প্রতিবেদকের কোনো প্রশ্নেরই উত্তর না দিয়ে বলেন, ‘আমি কিছুই বলব না।’