র্যাব পরিচয়ে ধরে নেওয়ার পর দোকান কর্মচারী নিখোঁজ

র্যাব পরিচয় দিয়ে এবার মহিউদ্দিন আহাদ (২৬) নামের এক দোকান কর্মচারীকে ধরে নেওয়া হয়েছে। রাজধানীর চিড়িয়াখানা সড়কের বাসা থেকে ধরে নেওয়ার পর সাত দিন পার হলেও তাঁর কোনো সন্ধান পাননি পরিবারের সদস্যরা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরনা দিয়ে কোনো প্রতিকার না পেয়ে আহাদের স্বজনেরা গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। তাঁরা আহাদকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধন কর্মসূচির প্রায় পুরোটা সময় আহাদের বৃদ্ধ বাবা শেখ আবুল হোসেন ছেলের জন্য বিলাপ করেন। একপর্যায়ে তিনি মূর্ছা যান।
গতকাল বেলা ১১টার দিকে নিখোঁজ আহাদকে উদ্ধারের দাবিতে তাঁর বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আবুল হোসেন, দুই বোন নূরজাহান আক্তার, শাহিনূর বেগম, দুই চাচা আবুল হাশেম ও আবুল কাশেম, খালাতো ও চাচাতো ভাইয়েরা প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে অংশ নেন। তাঁদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘র্যাব পরিচয়ে ধরে নেওয়ার পর নিখোঁজ রয়েছেন আহাদ।’ তাঁকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার কথাও লেখা ছিল তাতে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন চলে।
আহাদের স্বজনেরা জানান, ৬ মার্চ মিরপুরে চিড়িয়াখানাসংলগ্ন চিড়িয়াখানা সড়কের পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বাসা থেকে র্যাব পরিচয় দিয়ে কিছু লোক আহাদকে ধরে নিয়ে যান। এরপর স্বজনেরা আহাদকে ফিরে পেতে র্যাব সদর দপ্তর, র্যাব-৪, থানা-পুলিশসহ বিভিন্ন দপ্তরে ছুটছেন; কিন্তু কেউ আহাদকে আটক করার কথা স্বীকার করেনি। এ ঘটনায় শাহ আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আহাদের মা আমেনা বেগম। তাঁরা র্যাবের মহাপরিচালকের কাছেও আবেদন করেছেন।
জানতে চাইলে গতকাল র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্তের জন্য র্যাব-৪-কে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, র্যাব পরিচয়ে অপহরণের ঘটনাও ঘটছে। র্যাব এ ধরনের অনেক ব্যক্তিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করছে।
আহাদের বোন নূরজাহান প্রথম আলোকে বলেন, ৬ মার্চ ভোর পাঁচটার দিকে কয়েকজন র্যাব পরিচয়ে তাঁদের বাসায় ঢোকেন। তাঁদের একজনের পরনে কালো পোশাক ছিল। বাকিরা সাধারণ পোশাকে ছিলেন। বাসার সামনে ছিল র্যাব লেখা কালো রঙের একটি মাইক্রোবাস। তিনি বলেন, আটক করে গাড়িতে তোলার সময় আহাদ তাঁর মায়ের পা জড়িয়ে ধরে বলেন, ‘মা আমাকে বাঁচাও।’
স্বজনেরা জানান, আহাদ গুলশান ২ নম্বরে এসএস ইন্টারন্যাশনাল নামের একটি দোকানে মাসিক সাড়ে পাঁচ হাজার টাকায় চাকরি করতেন। তাঁর আয়ে পরিবারটি চলে। তিন মাস আগে আহাদ বেশি বেতনে অন্যত্র চলে যেতে চাইলে দোকানের মালিক বেতন বন্ধ করে দেন। এ ছাড়া আহাদের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না বলে পরিবারের লোকজন জানান।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, প্রথমে পরিবারের পক্ষ থেকে জিডি করা হছিল। গতকাল এ ঘটনায় ওই দোকানের মালিক রফিকুল ইসলামকে আসামি করে একটি অপহরণের মামলা করা হয়েছে।