র‌্যাব পরিচয়ে বিয়ে অতঃপর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা স্টিল মিল বাজার এলাকা থেকে গতকাল রোববার এক ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. ইব্রাহিম ওরফে হাফেজ ইব্রাহিম ওরফে রাসেল ওরফে ক্যাপ্টেন রাসেল। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়।র‌্যাব সূত্র জানায়, ইব্রাহিম গত ৮ অক্টোবর পতেঙ্গা এলাকায় এক তরুণীকে বিয়ে করেন। সেখানে তিনি নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দেন এবং আগামী ১ নভেম্বর চট্টগ্রাম র‌্যাবে বদলি হয়ে আসবেন বলে জানান। চট্টগ্রাম র‌্যাবের কর্মকর্তারা খবর পাওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট ও পুলিশের পোশাক পরা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ র‌্যাবের বিভিন্ন অভিযানে উদ্ধার করা মালামালের ছবি পাওয়া যায়।র‌্যাবের জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানান, ইতিপূর্বে তিনি আরও চারটি বিয়ে করেন। এর মধ্যে এক স্ত্রী মারা গেছেন এবং অন্য স্ত্রীরা তাঁকে তিন মাস থেকে তিন বছরের মাথায় তালাক দেন। অস্ত্র উদ্ধার: র‌্যাব সদস্যরা গতকাল নগরের কোতোয়ালি থানার সিটি কলেজের পশ্চিম পাশে আইস ফ্যাক্টরি সড়ক থেকে বিদেশি একটি নাইন এমএম পিস্তল, দেশে তৈরি একটি এলজি ও নয়টি গুলি উদ্ধার করেন। চট্টগ্রাম র‌্যাবের উপ-অধিনায়ক আবদুস সামাদ বলেন, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।