র্যাব পরিচয়ে ব্যবসায়ী ও কর্মচারীকে অপহরণ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লোক পরিচয়ে একদল দুর্বৃত্ত গতকাল শুক্রবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকা থেকে আবদুল আহাদ (২৭) নামের একজন ব্যবসায়ী এবং তাঁর দোকানের কর্মচারী সামছুল ইসলামকে (২৩) জোরপূর্বক অপহরণ করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পালানোর সময় পাশের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় স্থানীয় লোকজন পথরোধ করে ছিনতাইকারীদের ব্যবহূত মাইক্রোবাসটি আটকে চার ব্যক্তিকে নামিয়ে পিটুনি দেয়। ক্ষুব্ধ লোকজন মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় সাংসদ, র্যাব-৯ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। পুলিশ ছিনতাইকারীদের কাছ থেকে একটি ওয়াকিটকি, হাতকড়া ও নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করেছে। আটক ব্যক্তিরা হচ্ছেন: সিলেট সদর উপজেলার টুকেরবাজার গ্রামের নূরুল ইসলাম (৩৫), নওয়াগাঁওয়ের আনিস আলী (৪০), গাড়িচালক ও দক্ষিণ সুরমা উপজেলার নগরীকাঁপন গ্রামের আলী হোসেন (৩০) এবং চালকের সহকারী ও দক্ষিণ সুরমার ব্রাহ্মণগাঁওয়ের জামাল মিয়া (৩০)। এর মধ্যে গণপিটুনিতে গুরুতর আহত জামালকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ছিনতাইকারীদের নির্যাতনে আহত ব্যবসায়ী আবদুল আহাদ কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।স্থানীয় একটি সূত্র জানায়, আবদুল আহাদ কাপড়ের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে হুন্ডি ব্যবসার সঙ্গেও জড়িত।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেল সাড়ে ছয়টায় প্রথম আলোকে জানান, ছিনতাইকারীদের কাছে একটি ওয়াকিটকি, হাতকড়া ও নগদ পাঁচ হাজার টাকা পাওয়া গেছে। এ ব্যাপারে ব্যবসায়ীর বাবা দ্রুত বিচার আইনে একটি মামলা করবেন। এরপর তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ব্যবসায়ী আবদুল আহাদের বাবা ওয়াজিদ আলী (৫২) দাবি করেন, তাঁর ছেলে হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত নন। আটক হওয়া নূরুল ইসলাম জানান, সিলেটের গোলাপগঞ্জের ফয়সল আলম নামের এক ব্যক্তি তাঁদের ভাড়া করে আনেন। বরমচালে পৌঁছানোর আগে তিনি টাকা নিয়ে অন্য পথে চলে যান।