র্যাব পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা ছিনতাই
ফরিদপুরে র্যাব পরিচয় দিয়ে বাস থেকে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সোনালী ব্যাংকের কানাইপুর শাখা থেকে ওই টাকা তুলে তিনি ফরিদপুরে ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে সদরের তেঁতুলতলা বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।ছিনতাইয়ের শিকার পাট ব্যবসায়ী সরোয়ার শরিফের ভাষ্যমতে, তিনি ব্যাংক থেকে টাকা তুলে বাসে করে ফরিদপুরের উদ্দেশে রওনা দেন। বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা স্ট্যান্ডে গেলে পাঁচ-ছয়জন যুবক গাড়িতে ওঠে। তারা নিজেদের র্যাব পরিচয় দিয়ে সরোয়ারকে হাতকড়া পরিয়ে গাড়ি থেকে নামিয়ে মাইক্রোবাসে তোলে এবং তাঁর কাছ থেকে ওই টাকা হাতিয়ে নেয়। পরে তারা কাপড় দিয়ে তাঁর চোখ বেঁধে দেয়।এ সময় সরোয়ার তাদের পরিচয় জানতে চাইলে তারা বলে, ‘আমরা র্যাবও না পুলিশও না। যে পার্টি মানুষদের ধরে আট টুকরো করে আমরা সেই দলের সদস্য।’ দুপুর সাড়ে ১২টার দিকে ছিনতাইকারীরা তাঁকে বোয়ালমারী উপজেলার চরঘোষপুর এলাকায় একটি খোলা মাঠে ফেলে দিয়ে চলে যায়। পরে বোয়ালমারী পুলিশ তাঁকে উদ্ধার করে।‘এ ঘটনার সঙ্গে র্যাব জড়িত নয়’ দাবি করে র্যাব-০৮-এর ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন হিমাদ্রী শেখর রায় প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ অপরাধী চক্র র্যাবের নাম ভাঙিয়ে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।ফরিদপুর কোতোয়ালি থানার ডিউটিরত কর্মকর্তা নাসিনা আক্তার জানান, ওই ব্যবসায়ী এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা করতে এসেছিলেন। কিন্তু ঘটনাস্থল বোয়ালমারী হওয়ায় তাঁকে বোয়ালমারী থানায় মামলা করতে পরামর্শ দেওয়া হয়।বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ছিনতাইকারীরা ওই ব্যক্তিকে বোয়ালমারীতে ফেলে রেখে গেলেও ঘটনাস্থল কানাইপুরের তেঁতুলতলা। সেটি কোতোয়ালি থানা এলাকায় অবস্থিত। তাই মামলাটি কোতোয়ালি থানাতেই হবে।