র্যাব পরিচয়ে ব্যবসায়ীকে মারধর প্রতিবাদে বিক্ষোভ
পাবনা শহরের আবদুল হামিদ সড়কে গত বুধবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচয়ে এক ফল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে রাতেই ফল ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করেছেন। পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করার আশ্বাস দিলে ব্যবসায়ীরা শান্ত হন।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল চারটার দিকে এক ব্যক্তি শহরের একটি ফলের দোকান থেকে দুই কেজি আনার কিনে চলে যান। রাত সাড়ে নয়টার দিকে তিনি আবার ওই দোকানে ফিরে এসে দোকানের মালিককে খোঁজেন। দোকানের মালিক শামিম হোসেন এগিয়ে এলেই তিনি আনারগুলো তাঁর দিকে ছুড়ে দিয়ে মারধর শুরু করেন। এ সময় অন্য ব্যবসায়ীরা এগিয়ে এলে তিনি ব্যাগ থেকে র্যাবের পোশাক বের করে নিজেকে র্যাব পরিচয় দিয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে চলে যান।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার বীণা রানী দাস বলেন, ‘আমাদের কোনো সদস্য বুধবার বিকেলে শহরে ফল কিনতে যাননি। কেউ র্যাবের ভাবমূর্তি নষ্টের জন্য এমন কাজ করেছেন। পুরো শহরে জেলা পুলিশের সিসি ক্যামেরা আছে। ফুটেজ দেখালে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। সত্যিই যদি কোনো র্যাব সদস্য এমন কাজ করে থাকেন, তবে তাঁকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’