র্যাব পরিচয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
চট্টগ্রামে র্যাব পরিচয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। কেশব লাল দেব নামের এক ব্যক্তি নগরের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। তবে টাকার উৎস, লেনদেন নিয়ে রহস্য রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
থানায় দায়ের করা এজাহারে উল্লেখ রয়েছে, কেশব লাল দেবের আত্মীয় সুমন চন্দ্র কর গত রোববার আইয়ুব আলী নামের এক ব্যক্তির মাধ্যমে পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনি এলাকার বাসভবনে তাঁর (কেশব) কাছে ২০ লাখ টাকা পাঠান। এ সময় হঠাৎ দুজন অপরিচিত লোক বাসায় ঢুকে পড়েন। তাঁরা বলেন, ‘আমরা র্যাবের লোক, মোবাইলগুলো দিয়ে দেন, কোথাও ফোন করবেন না।’
তখন একজন মুঠোফোনে বলেন, ‘স্যার, গাড়িটা কোথায়, লালখান বাজার। গাড়িটা নিয়ে দ্রুত টাইগারপাস মোড়ে চলে আসেন।’ একপর্যায়ে একজন লোক টাকাগুলো নিয়ে পালিয়ে যান। ডাকাত ডাকাত বলে চিৎকার করলে নজরুল নামের একজনকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
জানতে চাইলে কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. ইলিয়াছ প্রথম আলোকে বলেন, ‘২০ লাখ টাকা বাসায় নিয়ে আসা, র্যাব পরিচয়ে দুজন লোক নিয়ে যাওয়া রহস্যজনক। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘুষের লেনদেন বলেও ধারণা করছি।’ তিনি আরও বলেন, গ্রেপ্তার নজরুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
গতকাল সোমবার দুপুরে কোতোয়ালি থানা কার্যালয়ে গ্রেপ্তার নজরুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি কিছুই জানি না।’
ঘটনার বিষয়ে বাদীর বক্তব্য জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।