র্যাব পরিচয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
চট্টগ্রামে র্যাব সদস্য পরিচয়ে আবদুস ছালাম (৩৫) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ ছয় হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে মুরাদপুর এলাকায় তিনি ছিনতাইয়ের শিকার হন।আবদুস ছালাম নগরের আতুরার ডিপো এলাকার কেএস লেদার নামের একটি চামড়ার গুদামের স্বত্বাধিকারী। ছালাম জানিয়েছেন, র্যাবের পোশাক পরা কয়েকজন লোক তাঁর টাকা ছিনিয়ে নেয়। তবে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সময় তাঁদের কেউ সেখানে ছিলেন না।ছালাম জানান, বেলা তিনটার দিকে তিনি এবং ফেরদৌস নামের তাঁর এক কর্মচারী জিইসি মোড়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে টাকা তুলতে যান। ব্যাংক থেকে তিন লাখ টাকা তোলার পর তা দুজনে ভাগ করে শরীরের বিভিন্ন স্থানে নেন। তিনি জানান, তাঁরা টাকা নিয়ে মুরাদপুর শিক্ষা বোর্ডের সামনে আসার পর পেছন থেকে একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে। এ সময় মাইক্রোবাসে চালকসহ পাঁচজন ছিলেন। চালক ছাড়া বাকি চারজনের পরনে ছিল র্যাবের মতো কালো রঙের পোশাক। তাঁদের সঙ্গে ওয়্যারলেস সেট ও পিস্তলও ছিল বলে তিনি দাবি করেন।আবদুস ছালাম প্রথম আলোকে বলেন, ‘তাদের চারজনের পরনে ছিল র্যাবের কালো পোশাক। তারা আমাদের গাড়িতে তুলে ফেলে। হাতের অস্ত্র দিয়ে আমাদের ভয় দেখায়, ক্রসফায়ারে দেবে বলে। পরে আমার হাতে হ্যান্ডকাফ পরায় এবং দুজনের চোখই কালো কাপড়ে বেঁধে ফেলে। দুজনের কোমর থেকে ব্যাংক থেকে তোলা তিন লাখ টাকা ছাড়াও আগে থেকে পকেটে থাকা ছয় হাজার টাকা ও একটি মোবাইল সেট নিয়ে নেয়। পরে আমাদের হালিশহরের ওদিকে নতুন টোল সড়কে সন্ধ্যা ছয়টার দিকে নামিয়ে দেয়।’ জানা গেছে, পরে রাতে তিনি পাঁচলাইশ থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। এখন তদন্ত করে দেখব।’অভিযোগ প্রসঙ্গে র্যাব-৭-এর এএসপি (অপারেশন) সাইদুল হাসান বলেন, ‘যে সময়ের কথা বলা হচ্ছে, ওই সময়ে মুরাদপুর কিংবা জিইসি মোড়ে আমাদের কোনো ফোর্স ছিল না। হয়তো র্যাব পরিচয়ে কোনো ছিনতাইকারী এই কাজ করতে পারে।’