র্যাব পরিচয়ে ৩০ লাখ টাকাসহ সহোদরকে অপহরণের চেষ্টা
র্যাব পরিচয়ে ৩০ লাখ টাকাসহ ব্যবসায়ী সহোদরকে অপহরণের অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাঁদের একজন পুলিশের কনস্টেবল বলে স্বীকার করেছেন। পুলিশ জানায়, অপহরণের ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে যাত্রাবাড়ী থানার শনির আখড়ার কাছে। যাত্রাবাড়ী থানা পুলিশ আটক হওয়া যুবকদের কাছ থেকে র্যাবের পোশাক, হাতকড়া ও ৩০ লাখ টাকা উদ্ধার করেছে। পুলিশ জানায়, দুই ভাই রাসেল ও সোহাগ মতিঝিলের রহমান চেম্বারের একটি অফিস থেকে ৩০ লাখ টাকা নিয়ে শান্তিনগরে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। তাঁদের বহনকারী সিএনজি অটোরিকশাটি ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনে গেলে একটি সাদা মাইক্রোবাস থেকে পাঁচ-ছয়জন লোক র্যাব পরিচয়ে তাঁদের আটক করেন। অটোরিকশা থেকে তাঁরা এক প্রকার জোর করে দুই ভাইকে মাইক্রোবাসে তুলে নেন। মাইক্রোবাসটি যাত্রাবাড়ী হয়ে চট্টগ্রাম রোডের দিকে যেতে থাকলে তাঁদের সন্দেহ হয়। শনির আখড়ার কাছে একটি পাম্পে এসে গাড়িটি বন্ধ হয়ে যায়। এরপর দুই ভাই চিৎকার করলে লোকজন এসে নিয়ামত ও আরিফুল ইসলাম নামে দুই ব্যক্তিকে আটক করে।