র‌্যাব পরিচয়ে ৮ লাখ টাকা ছিনতাই গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য পরিচয় দিয়ে নাটোরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই মোটরসাইকেল আরোহীর কাছ থেকে আট লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে জেলার বড়াইগ্রাম থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রামের মনির হোসেন (৩৫) ও মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার বড় পাউলদিয়া গ্রামের তোফাজ্জল হোসেন (৪৫)। এ সময় একজনের পকেট থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার লক্ষ্মীকোল বাজারের শাহিন ট্রেডার্সের ব্যবস্থাপক রফিকুল ইসলাম ও জশরত চন্দ্র ইসলামী ব্যাংকের নাটোর শাখা থেকে আট লাখ টাকা তুলে বাড়ি ফিরছিলেন। পথে শহরের দত্তপাড়া বিসিক এলাকায় একটি মাইক্রোবাসে করে আসা পাঁচ ব্যক্তি র‌্যাব পরিচয়ে তাঁদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যান। পরে ওই টাকা কেড়ে নিয়ে স্থানীয় গাজীপুর বিলে তাঁদের ফেলে যান। উপজেলার পারকোল বাজারের কাছে চারদিক থেকে পুলিশ ঘিরে ফেললে ছিনতাইকারীরা মাইক্রোবাসটি ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ও গ্রামবাসী ধাওয়া করে দুজনকে আটক করে।