র্যাব-পুলিশ একটি পরিবার, কোনো দ্বন্দ্ব নেই: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘র‌্যাব-পুলিশের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব থাকবেই বা কেন? র্যাব তো পুলিশেরই একটি ইউনিট। একটি পরিবার। এক পরিবারের মধ্যেও তো মতবিরোধ হয়। এটাকে বড় করে দেখার কিছু নেই।’
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল আরআরএফ পুলিশ লাইনসের নবনির্মিত ব্যারাক ভবন উদ্বোধনের পর মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।
শহীদুল হক বলেন, ‘দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে আমরা একসঙ্গে কাজ করছি। এতে মতবিরোধ থাকলেও আমরা এক, আমাদের উদ্দেশ্যও এক। র্যাব একটি এলিট ফোর্স। সেটা আমাদের একটি ইউনিট। আমরা পারিবারিকভাবেই কাজ করছি। আমাদের এখন একটিই কাজ, সেটা হলো সন্ত্রাস দমন করা। র‌্যাব ও পুলিশ কখনোই আলাদা নয়। একই পরিবারের সদস্য আমরা।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আকরাম হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, বরিশালের পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান প্রমুখ।
পরে গতকাল বিকেলে ঝালকাঠি পুলিশ লাইনস মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গি-সন্ত্রাসবিরোধী সমাবেশে আইজিপি বলেন, অনেকের জিজ্ঞাসা, জঙ্গিদের গ্রেপ্তার না করে হত্যা করা হয় কেন? পুলিশের ওপর যখন জঙ্গিরা হামলা চালায়, তখনই তাদের গুলি করা হয়। তিনি বলেন, জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের সফলতা বিশ্বব্যাপী প্রশংসিত। জঙ্গিবাদ সমস্যা বিশ্বের অনেক দেশে আছে। মানবতা ও ধর্মের বিরুদ্ধে জঙ্গিদের অবস্থান। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, একটি দেশকে ধ্বংস করতে হলে যুদ্ধ লাগে না, মাদক দিয়েই ধ্বংস করা সম্ভব। কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করা হলে দেশ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব হবে।