র্যাব, পুলিশ ও প্রশাসন এক ব্যক্তির হুকুম পালন করছে: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

দেশে আইনের শাসন নয় হুকুমবাদের চর্চা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, র্যাব, পুলিশ ও প্রশাসন সবাই শুধু এক ব্যক্তির হুকুমই পালন করছে।
আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন।

রিজভী বলেন, বিরোধী দলের নেতাদের পাইকারিভাবে গ্রেপ্তার করা হচ্ছে। গুম, খুন অব্যাহত আছে। বিরোধী দল বিনাশের জন্য নেতাদের নামে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। শারীরিক, মানসিক নির্যাতনের জন্য তাদের কারাগারে নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে আজ আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনপির এই নেতা দাবি করেন, সারা দেশে পাশবিক বাণিজ্য চলছে। বিরোধী নেতা-কর্মীদের আটক করে তাঁদের কাছে মুক্তিপণ চাওয়া হচ্ছে। টাকা দেওয়া হলে ছেড়ে দেওয়া হচ্ছে আর না হলে নতুন মামলা দেওয়া হচ্ছে।

রিজভী অভিযোগ করেন, সরকারের গোপন ইচ্ছা বাস্তবায়নের জন্য নিম্ন আদালত ভিন্ন আচরণ করছেন। আর সরকারের সমর্থনপুষ্ট কিছু গণমাধ্যম বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলের আন্দোলন নিয়ে ‘হেইট ক্যাম্পেইন’ চালাচ্ছে।