র‌্যাব-পুলিশের অভিযানে চরমপন্থী নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার সমষপুর গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের নেতা বিধানচন্দ্র বিশ্বাস নিহত হয়েছেন।র‌্যাব ও পুলিশের ভাষ্যমতে, নিহত বিধান সদর উপজেলার মুনুড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন আত্মগোপনে থেকে গণমুক্তিফৌজের কেন্দ্রীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি নিজ নামে চরমপন্থী সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী প্রথম আলোকে বলেন, বিধানের বিরুদ্ধে ১২টি হত্যাসহ অপহরণ, চাঁদাবাজি ও বোমাবাজির অসংখ্য মামলা রয়েছে। র‌্যাব-৬-এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার হামিদুল হক বলেন, শুক্রবার দিবাগত রাতে সমষপুর গ্রামে গুলির শব্দ পান এলাকাবাসী। এ খবর পেয়ে র‌্যাব ও পুলিশের দুটি দল রাত সাড়ে তিনটার দিকে ওই গ্রামের একটি মেহগনি বাগানে অভিযান চালায়। টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাব ও পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। উভয়ের মধ্যে ২০-২৫ মিনিট গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটে। তখন ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করা হয় একটি করে পিস্তল, রিভলবার ও ওয়ান শ্যুটারগান, দুটি গুলি এবং একটি ছোরা। র‌্যাবের কর্মকর্তা জানান, গুলিবিদ্ধ ব্যক্তি গণমুক্তিফৌজের কেন্দ্রীয় নেতা বিধানচন্দ্র বিশ্বাস বলে স্থানীয় লোকজন শনাক্ত করেন। তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নব্বইয়ের দশকে চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টিতে যোগ দেন বিধান। ১৯৯৭ সালে চরমপন্থী নেতা সন্ন্যাসী বিশ্বাসকে হত্যার মাধ্যমে বিধান আলোচনায় আসেন।