র্যাব-পুলিশের অভিযানে দুজন নিহত
নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানের সময় গুলিতে জাহাঙ্গীর হোসেন ওরফে জাহিদ নিহত হয়েছেন। র্যাবের ভাষ্যমতে, জাহাঙ্গীর কুখ্যাত পান্না বাহিনীর প্রধান।ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় র্যাব ও পুলিশের অভিযানে নিহত হয়েছেন মুকুল। পুলিশের ভাষ্যমতে, তিনি চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডারের দায়িত্বে ছিলেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, গত মঙ্গলবার পৃথক এই অভিযানে আটটি আগ্নেয়াস্ত্র, ৫০টি গুলি ও দুটি তাজা বোমা উদ্ধার করা হয়।আমাদের নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ এবং নাটোর ও লালপুর প্রতিনিধির পাঠানো খবর:নাটোর: র্যাব-৫ রাজশাহীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের রেলওয়ে কলোনি ক্যাম্প খবর পায়, পান্না বাহিনীর অস্ত্রধারী কয়েকজন সদস্য লালপুরের বিলমারিয়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে গোপন বৈঠক করছেন। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ভোর সাড়ে তিনটার দিকে বিলমারিয়া কলেজের কাছে পৌঁছালে পান্না বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ২০ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে পান্না বাহিনীর প্রধান জাহাঙ্গীর হোসেন গুলিবিদ্ধ হন। তাঁর সহযোগীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীরের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নতুন চর গ্রামে। তবে কিছুদিন ধরে তিনি লালপুরের গোলাবাড়ি গ্রামে বসবাস করছিলেন। লালপুর থানা সূত্রে জানা যায়, র্যাবের অভিযানের পর ঘটনাস্থল থেকে দুটি রিভলবার, দুটি ওয়ান শ্যুটারগান ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৪৭টি গুলি, গুলিভর্তি দুটি ম্যাগাজিন, সাতটি কার্তুজ ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়। র্যাব সূত্র জানায়, র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পান্না নিহত হওয়ার পর এই বাহিনীর দলনেতা হন জাহাঙ্গীর। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ট্রিপল মার্ডার (রিপন, লতিফ ও মজিবর), ডাবল মার্ডারসহ (কুদ্দুস ও তরিকুল) বেশ কয়েকটি হত্যা, ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে। র্যাব-৫-এর সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, অভিযানের সময় র্যাবের সদস্যরা আত্মরক্ষার জন্য গুলি ছুড়তে বাধ্য হন। কাদের গুলিতে জাহাঙ্গীর মারা গেছেন, তা বোঝা যায়নি। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এ ব্যাপারে লালপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। ঝিনাইদহ: র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর সাখাওয়াত হোসেনের ভাষ্যমতে, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে র্যাব ও পুলিশের দুটি দল হরিণাকুণ্ডুর পায়রাডাঙ্গা গ্রামে অভিযান শুরু করে। ওই গ্রামের মিছাখালী মাঠের কাছে পৌঁছালে র্যাব-পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব-পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের অন্তত ২০ মিনিট গুলিবিনিময় হয়। একপর্যায়ে চরমপন্থীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার মোজাম গ্রুপের নেতা মুকুলের (৪৫) লাশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, দুটি তাজা বোমা ও তিনটি গুলি উদ্ধার করে।মুকুলের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পায়রা আলমডাঙ্গা গ্রামে। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মুকুলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের বিভিন্ন থানায় হত্যাসহ সাতটি মামলা রয়েছে।