র‌্যাব-পুলিশের গুলিতে রাজধানীতে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সোমবার রাতে এবং গতকাল মঙ্গলবার ভোরে পৃথক ঘটনায় র‌্যাব ও পুলিশের গুলিতে তিন ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন আগারগাঁও এবং একজন গেন্ডারিয়া এলাকায় গুলিবিদ্ধ হন। র‌্যাব-২-এর সহকারী পুলিশ সুপার সাফিউল সারোয়ার জানান, গত সোমবার রাত ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের পাশে র‌্যাবের একটি দল টহল দিচ্ছিল। এ সময় তিন যুবককে দেখে সন্দেহ হলে র‌্যাব তাঁদের থামতে বলে। কিন্তু তাঁরা না থেমে র‌্যাবকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়েন। র‌্যাব পাল্টা ১৩টি গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমন ওরফে পিচ্চি সুমন (২২) ও জামাল হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়। অন্যজন পালিয়ে যান। র‌্যাব ওই দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, দুটি ম্যাগাজিন, একটি পাইপগান ও একটি ছোরা উদ্ধার করেছে। আহত ব্যক্তিদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, গতকাল ভোর ছয়টার দিকে ইসকন মন্দিরের গলিতে ছিনতাইয়ের সময় পুলিশ সেখানে উপস্থিত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করার সময় তাঁরা চাকু উঁচিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের একজন সদস্য শর্টগান থেকে গুলি করলে ফয়সাল (২৩) নামে একজন গুলিবিদ্ধ হন। মঈন (২৫) নামে আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।সন্ত্রাসীদের গুলিতে আহত: সূত্রাপুরের লোহারপুল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত নাজির হোসেন (৫০) নামে এক রডমিস্ত্রি আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, তাঁরা লোহারপুর পানির ট্যাঙ্কির পেছনের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে চার-পাঁচজন তরুণ ওই ভবনে ঢুকে কাজ বন্ধ করতে বলেন। এরপর তাঁরা কয়েকটি গুলি ছোড়েন। এ সময় তাঁর কোমরে একটি গুলি লাগে।